২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬০ জেএমবি জঙ্গি'র বিরুদ্ধে অভিযোগপত্র

জয়পুরহাটে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও অস্ত্র লুটের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর ৬০ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 04:24 PM

Updated : 25 Aug 2022, 12:43 PM

জয়পুরহাট, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাটে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও অস্ত্র লুটের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর ৬০ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিস্ফোরক ও অস্ত্র আইনে এ জঙ্গিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে জয়পুরহাট বিচার বিভাগীয় হাকিম আদালতে। ২০০৩ সালের ১৪ আগস্ট জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামে জঙ্গি-পুলিশ সংঘর্ষ ও পুলিশের অস্ত্র লুটের ঘটনা ঘটে। পরদিন পুলিশ বাদি হয়ে বিস্ফোরক ও অস্ত্র আইনে দুটি মামলা করে। ২০০৮ সালের ২৬ জুন বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তবে অভিযোগপত্রে ত্র"টি থাকায় বিচারক আবার তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির দিনাজপুর জোনের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট শেখ আহসান উল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লোকবল সংকট ও দূরত্বের কারণে কিছুটা বিলম্ব হলেও অভিযোগপত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে। এছাড়া প্রতিটি আসামি বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় থাকা একাধিক মামলার খোঁজ খবর নিতেও অনেক সময় লেগেছে বলে তিনি দাবি করেন। তদন্ত কর্মকর্তা জানান, আগের অভিযোগপত্রে ৬১ জন আসামির নাম ছিল। তাদের মধ্যে রশিদুল ইসলাম নামের একজনের মৃত্যু হওয়ায় ৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এদের মধ্যে মন্তেজার রহমান, বোরহান উদ্দিন ভূঁইয়া, মাছুদুর রহমান ওরফে রানু, আজিজুল বারী ওরফে মিন্টু, শহিদুল ফারুক ওরফে সেলিম, তুফান ওরফে আবুল কাশেম ও গোলাম মোস্তফা নামের সাত জঙ্গি কারাগারে আছেন। বাকিরা জামিনে রয়েছেন বলে এএসপি আহসান। মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৩ সালের ১৪ আগস্ট সারা দেশ থেকে জেএমবি'র শীর্ষ নেতারা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামে সংগঠনের এ অঞ্চলের নেতা মন্তেজারের বাড়িতে জড়ো হন। তারা গোপন সভা করার সময় পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে জয়পুরহাট সদর থানার তৎকালীন ওসি ইকবাল শফিসহ ৬ পুলিশ আহত হয়। জঙ্গিরা পুলিশের কাছ থেকে ম্যাগজিনসহ তিনটি শর্টগান ও একটি ওয়াকিটকি ছিনিয়ে নেয়। পরে ওয়াকিটকি ও একটি শর্টগান উদ্ধার হলেও বাকি অস্ত্র পায়নি পুলিশ। এ ঘটনায় ফাঁসি কার্যকর হওয়া শীর্ষ জঙ্গি নেতা আতাউর রহমান সানি ও আব্দুল আউয়ালসহ ১৯ জঙ্গিকে সে সময় ক্ষেতলাল থানা পুলিশ গ্রেপ্তার করছিলো। পরে তারা হাইকোর্ট থেকে জামিন নেয়। সে সময় জঙ্গিদের সঙ্গে দেখা করতে এসে জয়পুরজাট কারা ফটকে ৫৪ ধারায় গ্রেপ্তার হন ফাঁসি কার্যকর হওয়া আরেক জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই। পরে তিনি জামিনে ছাড়া পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৭ ঘ.