রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সাত কর্মীকে আটক করেছে পুলিশ।
ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা ও সংগঠনটির এক কর্মী খুনের সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবন থেকে এদের আটক করা হয় বলে পুলিশ জানায়।
এ ঘটনার পর রাতে শিবিরকর্মীরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে। এক পর্যায়ে তারা কয়েকটি হাতে তৈরি বোমা পাঠিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।
গত ৮ ফেব্র"য়ারি বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগ ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন ছাত্রলীগকর্মী ফারুক হোসেন।
পুলিশ বলেছে, শিবিবের হামলায় ফারুক মারা গেছেন। পরদিন এসএম হলের ম্যানহোল থেকে গণিত বিভাগের মাস্টার্সের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
শিবিরের হামলায় পুলিশসহ আহত হয় অর্ধশত নেতাকর্মী।
এসব ঘটনায় মতিহার থানায় দায়ের করা ১৪টি মামলায় এ পর্যন্ত জামায়াত-শিবিরের দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার আটক করা শিবিরকর্মীরা সবাই আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
এরা হলেন- মো. মেজবা, মো. মামুন, মহসীন আলী, নাজমুল হোসেন, শামীম হোসেন, আব্দুল বারী ও হোসেন আলী।
এদের মধ্যে মেজবা ও মামুনকে বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের সভাপতি কামাল উদ্দিনের কার্যালয় থেকে আটক করা হয়। এই শিক্ষক জামায়পন্থী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার সময় শহীদুল্লাহ্ কলা ভবনের তৃতীয় তলায় আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়।
হামলার সঙ্গে জড়িত কয়েকজন শিবিরকর্মী পরীক্ষা দিচ্ছে- এ খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ভবনের সামনে জড়ো হয়। বিকেল ৫টায় পরীক্ষা শেষে ভবনের বাইরে থেকে পাঁচজনকে আটক করা হয়।
পরে ভাষা বিভাগের সভাপতির কার্যালয়ের স্টোর রুম থেকে মেজবা ও মামুনকে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।
সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তালা খুলে তাদের আটক করা হয়।
ছাত্রলীগের সভাপতি আউয়াল কবীর ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বলেন, অধ্যাপক কামাল উদ্দিন ও নাসির উদ্দিনসহ আরবি ও ভাষা বিভাগের কয়েকজন জামায়াতপন্থী শিক্ষক শিবিরকর্মীদের রক্ষায় নিজেদের কক্ষে তালাবদ্ধ করে রাখেন।
জামায়াতপন্থী শিক্ষকদের আশ্রয়ে-প্রশ্রয়ে শিবির কর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলে তারা জানান।
প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া বলেন, একজন সভাপতির কার্যালয় থেকে শিবিরকর্মী আটকের ঘটনা শিক্ষক সমাজের জন্য অপমানজনক।
তিনি বলেন, তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ভাষা বিভাগের সভাপতি অধ্যাপক কামাল উদ্দিন দাবি করেন, তার অজান্তে দুই ছাত্র কার্যালয়ে ঢুকতে পারে। তিনি এ ব্যাপারে আর কিছু বলেননি।
মতিহার থানার ওসি আবুল খায়ের বলেন, আটককৃতদের থানায় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাতে একদল শিবিরকর্মী চারুকলা এলাকা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। তারা মিছিল করে এবং গ্রন্থাগার এলাকায় ১০-১২টি বোমা ফাটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.
bdnews24