২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ

দুই সহকর্মীর গ্রেপ্তারের খবর পেয়ে ঢাকার আশুলিয়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 12:41 PM

Updated : 25 Aug 2022, 12:44 PM

সাভার, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই সহকর্মীর গ্রেপ্তারের খবর পেয়ে ঢাকার আশুলিয়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। মজুরি বাড়ানো নিয়ে কয়েকদিনের অস্থিরতা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে সাভার উপজেলার আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা একদিন বন্ধ রাখার পর বুধবার আবার খুলেছে। অন্যসব কারখানায় স্বাভাবিক কাজ হলেও ওশিন গেট সুয়েটার লিমিটেড নামের একটি কারখানায় বৃহস্পতিবার শ্রমিকরা বিক্ষোভ করে। আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার এই পোশাক কারখানাটির প্রায় সাড়ে ১১শ' শ্রমিক বৃহস্পতিবার সকাল থেকেই দুই শ্রমিকের মুক্তির দাবিতে কর্ম বিরতি শুরু করে। পরে শ্রমিকদের চাপের মুখে পুলিশ দুই শ্রমিককে ছেড়ে দেয়। এরপরও শ্রমিকরা ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা করাসহ আট দফা দাবিতে কারখানার ভিতরে বিক্ষোভ অব্যাহত রাখে বলে পুলিশ ও কারখানার কর্মকর্তারা জানান। শ্রমিক আন্দোলনের মুখে কর্তৃপক্ষ গত ১৩ জুন অনির্দিষ্টকালের জন্যে কারাখানাটি বন্ধ ঘোষণা করেছিলো। বিজিএমএই'র সিদ্ধান্ত অনুযায়ী আশুলিয়া শিল্পাঞ্চলের সব পোশাক কারখানা খুলে দেওয়া হলেও বুধবার এ কারখানাটি খোলেনি। শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষের দায়ের করা মামলায় বুধবার দিবাগত রাতে ডেন্ডাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এমদাদুল হক ও আনোয়ার হোসেন নামে তাদের দুই সহকর্মীকে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাজে যোগ দেওয়ার এক ঘণ্টা পর তারা দুই সহকর্মীকে গ্রেপ্তারের খবর পায়। তাদের চাপের মুখে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ থানা হাজত থেকে দুই শ্রমিককে মুক্তি দিয়ে কারখানায় পৌঁছে দেয়। রেজিয়া, সুলতানা, কাইয়ুম, দিদার, শাহ আলমসহ কয়েকজন শ্রমিক জানান, ন্যূনতম মজুরি বাড়ানোসহ আট দফা দাবিতে তারা এখনো অনড়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কারখানার কর্মকর্তা জহিরুল হক জানান, কাজে যোগদানের শর্তে দুই শ্রমিককে ছেড়ে দেওয়া হলেও নতুন দাবি তুলে কাজ বন্ধ রাখে শ্রমিকরা। পরে মালিকপক্ষের আশ্বাসে দুপুরের পর কর্মবিরতি প্রত্যাহার করে তারা। ব্যবস্থাপক সেলিম মিয়া জানান, শ্রমিকদের দেওয়া আট দফা দাবির মধ্যে কাজের সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা, রাতের পালায় কাজ বন্ধ, শুক্রবার সবেতন ছুটির বিষয়টি কর্তৃপক্ষ মেনে নিয়েছে। তিনি জানান, দুপুরের পর থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছে। দুই শ্রমিককে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বৃহত্তর স্বার্থে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আশুলিয়া অঞ্চলের সব কারখানার শ্রমিকরা যাতে কাজে যোগ দেয় সেটা নিশ্চিত করতেই পুলিশ এ পদক্ষেপ নিয়েছে। এদিকে, মঙ্গলবার আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ বাদি হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ৬০ হাজার শ্রমিককে আসামি করে মামলাটি করা হয়। তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন জানান, তদন্ত করে ও বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, এ মামলায় নিরপরাধ কাউকেই গ্রেপ্তার কিংবা হয়রানি করা হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৬ ঘ.