২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

বাগেরহাটে একটি হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 10:31 AM

Updated : 25 Aug 2022, 12:41 PM

বাগেরহাট, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে একটি হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- ২ এর বিচারক মো. রেজাউল করিম বুধবার এ আদেশ দেন। এ সময় দণ্ডাদেশপ্রাপ্ত ছয় আসামি আদালতে উপস্থিত ছিলো। দণ্ডপ্রাপ্তরা হলো-বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট সিংগা গ্রামের তিন সহোদর কৃষ্ণপদ মৃধা, নিত্য মৃধা ও কমল মৃধা এবং একই গ্রামের সুভাষ রায়, সুপ্রকাশ মৃধা, মিহির বিশ্বাস ও সমীর বিশ্বাস। এদের মধ্যে মিহির বিশ্বাস পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা ২০০৫ সালের ২০ ফেব্র"য়ারি ভোরে সদর উপজেলার ছোট সিংগা গ্রামের তুষার রায়কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে। ওই দিনই নিহতের স্ত্রী চায়না রায় ছয় জনকে আসামি করে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) ফয়েজুর রহমান মামলার তদন্ত শেষে একই বছরের ১০ জুন এজাহারভুক্ত ছয় আসামিসহ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সাত জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে বাকিদের বেকসুর খালাস দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সীতারাণী দেবনাথ। আসামি পক্ষের আইনজীবী ছিলেন ড. এ. কে. আজাদ ফিরোজ টিপু ও অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৬২৬ঘ.