২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ জেলার সড়ক পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পরিবহন মালিক ও শ্রমিকদের ১৬ দফা দাবি নিয়ে সরকারের সঙ্গে ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট শুরু হওয়ার আগেই তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 09:49 AM

Updated : 25 Aug 2022, 12:41 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন মালিক ও শ্রমিকদের ১৬ দফা দাবি নিয়ে সরকারের সঙ্গে ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট শুরু হওয়ার আগেই তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সচিবালয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের এক জরুরি বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়েছে। বুধবার বৈঠক শেষে সংগঠনটির আহ্বায়ক এসএম শাহ আলম মুকুল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ তাদের ১৬ দফা দাবি আদায়ে ওই অঞ্চলের ২১টি জেলায় বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল। যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি ও নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানসহ সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঐক্য পরিষদের সকল দাবি-দাওয়া নিয়ে আগামী ৩ জুলাই সেতু ভবনে যোগাযোগমন্ত্রী আবারো বৈঠক করবেন বলে জানিয়েছেন শাহ আলম মুকুল। তিনি জানান, আগামী ৩ জুলাই আলোচনা ফলপ্রসূ না হলে সেদিন নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। ঐক্য পরিষদ যন্ত্রচালিত বাহন নসিমন-করিমন, ভটভটি, ইজি-বাইক, মটর সাইকেল, মাইক্রোবাস এবং মিনি-ট্রাককে যাত্রীবাহী বাসে রূপান্তর করে যাত্রী পরিবহন বন্ধ করার দাবি জানায়। এ দাবির ব্যাপারে যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন বলেন, "স্থানীয় প্রশাসনকে এসব অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হবে। এ বিষয়ে বাস মালিকরা প্রশাসনকে সহায়তা দেবে।" পরিবহন নেতারা বরিশাল থেকে কেওড়াকান্দি ঘাট পর্যন্ত বিআরটিসি বাস বন্ধেরও দাবি জানান। এ পর্যায়ে বিআরটিসির চেয়ারম্যান এমএম ইকবাল খান বক্তব্য দিতে গেলে সভায় হট্টগোলের সৃষ্টি হয়। শাহ আলম মুকুল বলেন, "বিআরটিসিকে ঢাকা পর্যন্ত বাস চালাতে হবে। নিয়ম ভেঙ্গে তারা এ রুটে এভাবে বাস চালাতে পারবে না।" আরো কয়েকজন পরিবহন নেতা এ সময় চিৎকার করে কোন ক্রমেই বিআরটিসি চলতে দেয়া হবে না বলে শোরগোল তোলেন। এ প্রসঙ্গে যোগাযোগ মন্ত্রী বলেন, "বেসরকারি পরিবহন ব্যবস্থার সাথে সরকারি পরিবহন থাকলে সমস্যা কি? বিআরটিসির কারণে আপনাদের লাভ কম হয়, এটা বোঝা যাচ্ছে। যাত্রীরা কারো কাছে জিম্মি থাক, সরকার তো তা চাইতে পারে না। আপনারা বিআরটিসির চেয়ে ভালো সেবা দিন, দেখবেন যাত্রীরা আর বিআরটিসিতে চড়বে না।" বিআরটিসি চেয়ারম্যান বলেন, "আমরা নিয়ম মেনেই যাত্রী পরিবহন করছি। এখানে বেসরকারি বাস মালিকদের কি সমস্যা তা বুঝতে পারছি না।" সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে বিআরটিসি বাস চলাচলের জন্য একটি নীতিমালা তৈরি করা হবে। এ নীতিমালা চূড়ান্ত হওয়া পর্যন্ত বিআরটিসি তাদের বাসের সংখ্যা বাড়াতে পারবে না। এ ছাড়া বরিশাল থেকে কেওড়াকান্দি পর্যন্ত কাউন্টার সংখ্যা কমিয়ে প্রতি জেলায় একটি করে করা হবে। ঐক্য পরিষদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, দুর্ঘটনা কবলিত গাড়ি ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে মালিকের জিম্মায় ফেরত দেওয়া, মহাসড়কে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের অনুমতি ছাড়া চাঁদা আদায় বন্ধ, জরুরি অবস্থার সময় বিভিন্ন স্থান থেকে মালিক সমিতির অনুমতি ছাড়া চলাচল শুরু করা পরিবহনের ট্রিপ বন্ধ ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/কেএমএস/১৫৪১ ঘ.