বেনাপোল, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোল সীমান্তে যশোরের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
যশোর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হারুন-অর-রশিদ ফুলুকে মঙ্গলবার রাত ১০টার দিকে বিডিআরের হাতে হস্তান্তর করে বিএসএফ। এরপর বিডিআর তাকে বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ।
ফুলু যশোর শহরের বারান্দি পাড়ার আ. মজিদ শেখের ছেলে।
বেনাপোল বন্দর থানার ওসি পরিদর্শক আবু বক্কর ছিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসী ফুলু গত মার্চ মাসে এই সীমান্ত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিএসএফের হাতে আটক হয়। এরপর তাকে বনগাঁ উপ-কারাগারে পাঠানো হয়।
তিনি জানান, ফুলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাসী ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। বর্তমানে থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/০১২৫ ঘ.
bdnews24