২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহর ও গ্রামের তফাৎ কমাতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনী ইশতেহার এবং রূপকল্প অনুযায়ী বর্তমান সরকার শহর ও গ্রামের তফাৎ কমানোসহ গ্রামীণ অর্থনীতি মজবুত করার লক্ষ্যে বদ্ধপরিকর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 06:17 AM

Updated : 25 Aug 2022, 12:42 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনী ইশতেহার এবং রূপকল্প অনুযায়ী বর্তমান সরকার শহর ও গ্রামের তফাৎ কমানোসহ গ্রামীণ অর্থনীতি মজবুত করার লক্ষ্যে বদ্ধপরিকর। জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরে শেখ হাসিনা এ কথা বলেন। চট্টগ্রাম-১০ আসনের সাংসদ আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "সরকার ইতিমধ্যে সংশোধিত দ্বিতীয় দারিদ্র নিরসন কৌশলপত্র 'দিন বদলের পদক্ষেপ' প্রণয়ন করেছে। এ কৌশলের প্রধান লক্ষ্য হলো, উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের সমান্তরাল যুগপৎভাবে আঞ্চলিক বৈষম্যের অবসান এবং দারিদ্র নিরসন। ২০১১-২০১৫ মেয়াদে বাস্তবায়নের জন্য ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নাধীন আছে। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ তহুরা আলীর আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, নারীর সার্বিক উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও পরিচালনা করছে। অর্থনৈতিক কর্মকান্ডের মুল স্রোতধারায় নারীর পূর্ণ অংশগ্রহণের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন প্রকল্পে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম-১১ আসনের সাংসদ সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে ঢাকাকে যানজটমুক্ত করে আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানান শেখ হাসিনা। ঝালকাঠি-১ আসনের সাংসদ বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রতি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগকে আধুনিকায়ন ও শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগকে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত করার লক্ষ্যে ২৫৮ কোটি ৯৮ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে দু'টি প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১২০৬ ঘ.