গাজীপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় মঙ্গলবার রাতে গাড়ি চাপা পড়ে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ শ্রমিক ও এলাকাবাসী রাতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় দুই ঘন্টা এ সড়কে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকাগামী মাছ বোঝাই একটি পিক-আপ মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেস্তোরাঁর বারান্দায় ঢুকে পড়ে। এসময় সেখানে গাড়ির জন্য অপেক্ষমান ওই পোষাক শ্রমিক গাড়ির চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, নিহত শ্রমিক স্থানীয় গোল্ডেন রিফিট নামের পোষাক কারখানায় চাকুরি করতেন। শ্রমিকরা খবর পেয়ে উত্তেজিত হয়ে ওঠে এবং রাস্তায় বেশ কিছু গাড়ি ভাংচুর করে। পরে এলাকাবাসী ও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করলে রাত পৌনে ১টার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১০৩০ ঘ.
bdnews24