রংপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার রংপুর বিভাগের জনগণের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে বলে দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ।
মঙ্গলবার সন্ধ্যায় রংপুরে পল্লী নিবাসের বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন, "আমরা চরমভাবে উন্নয়ন বৈষম্যের শিকার। আমাদের একটুও গ্যাস দেওয়া হয়নি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নেই। ট্রেন যোগাযোগ উন্নত করার বদলে আরো ১০টি ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।"
রংপুর বিভাগের জনগণের প্রতি মহাজোট সরকারের আচরণ মেনে নেওয়া যায় না বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রপতি।
তিনি বলেন, "আমরা এই অঞ্চলের ৩৩ জন সাংসদ একাট্টা হয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের কথা বলবো।"
সাবেক রাষ্ট্রপতি বলেন, চার মাস আগে রংপুরকে বিভাগ ঘোষণা করা হলেও এখনো কার্যক্রম শুরু না করা এখানকার মানুষের প্রতি বৈষম্যের কথাই প্রমাণ করে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেওয়া ঠিক হয়নি উল্লেখ করে তিনি বলেন, মহাজোটের শরীকদের সঙ্গে আলোচনা করে প্রার্থী মনোনয়ন দিলে এমন শোচনীয় পরাজয় হতো না।
এইচএম এরশাদ বিকালে ঢাকা থেকে রংপুরে পল্লী নিবাসে এসে পৌঁছলে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জেলা জাতীয় পার্টি নেতা মশিউর রহমান রাঙ্গা, জেলা সদস্য সচিব মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর পৌর মেয়র আব্দুর রউফ মানিক, সালাহউদ্দিন কাদেরীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৯ ঘ.
bdnews24