ফরিদপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহরতলির ভাজনডাঙ্গা এলাকায় বেড়াতে গিয়ে পদ্মা নদীতে ডুবে মঙ্গলবার এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
মানজেরা আজমেরি রিতু (১৭) সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের ব্যবসা শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে শহরের ঝিলটুলী এলাকার লিয়াকত মিয়ার মেয়ে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রিতু তার বোন তানভীর আক্তার বানু ও তিন বান্ধবী ফারহানা সুলতানা, অনিকা ইবলাত ও অনন্যা কর্মকারের সঙ্গে সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা নদীর তীরে বেড়াতে যায়।
১২টার দিকে বৃষ্টি এলে আশ্রয়ের খোঁজে দ্রুত হাঁটতে গিয়ে বাঁধের বোল্ডার থেকে ছিটকে পানিতে পড়ে যায় রিতু।
এলাকাবাসীর সাহায্যে সঙ্গীরা উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৮ ঘ.
bdnews24