ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদরদপ্তর পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মঙ্গলবার তৃতীয় দিনের মতো চলছে।
পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এ বেলা ১১টার দিকে এ শুনানি শুরু হয়। এর আগে সকাল ১০টা থেকে একে একে সব আসামিকে আদালতে হাজির করা হয়।
একই আদালতে গত রোববার প্রথম দিন ৪০ জনকে এবং সোমবার ১৪৩ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়। সোমবার শুনানি শেষে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।
বিডিআরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দিচ্ছেন।
২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৮ জনকে আসামি করে সুবেদার মো. মতিউর রহমান বিদ্রোহের এ মামলা করেন।
রোববার আদালতে ৬৬৮ জনের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিলো। একজন মারা যাওয়ায় সেদিন ৬৬৭ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করে শুনানি হয়। একইদিন এক আবেদনে মৃত ওই বিডিআর সদস্যকে অভিযোগ থেকে অব্যাহতি দেয় আদালত।
সোমবার শুনানির পর বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল আজিজ আহমেদ সাংবাদিকদের জানান, ১৯৯১ সালের ৩ ডিসেম্বর নওগাঁ ও ঢাকায় বিডিআরে বিদ্রোহের প্রচেষ্টা হয়েছিলো। সেসময় কর্মকর্তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছিলো। তখনকার কেউ কেউ ২০০৯ সালের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন।
তদন্তের স্বার্থে তাদের নাম জানাতে অস্বীকৃতি জানান তিনি।
কর্নেল আজিজ বলেন, "আমি মনে করি, সে সময় বিষয়টি খুব কঠিনভাবে দেখা হলে ২০০৯ সালের বিদ্রোহ হতো না।"
শুনানিতে আদালতপ্রধানকে সহায়তা প্রদানের জন্য আদালতের সদস্য হিসেবে বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল একেএম গোলাম রাব্বানি এবং মেজর সাইদ হাসান তাপস উপস্থিত আছেন।
আদালতের নির্দেশে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম আসামিদের বিরুদ্ধে একে একে সুনির্দিষ্টভাবে অভিযোগের বর্ণনা দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করছেন।
আসামিদের পক্ষে 'ফ্রেন্ড অব দ্য একিউজড' হিসেবে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার দুজন কর্মকর্তা এবং সাতজন আইনজীবী আদালতে উপস্থিত আছেন।
রোববার আসামিদের প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে বিডিআরে কর্মরত ওই দুই কর্মকর্তাকে নির্বাচন করা হয়। ৭৪ আসামি দুই কর্মকর্তার কাছে 'ফ্রেন্ড অব দ্য একিউজড' হিসেবে আইনি সহায়তা চেয়েছেন। বাকিরা 'ফ্রেন্ড অব দ্য একিউজড' হিসেবে কারো সহায়তা চাননি।
গত ১ এপ্রিল ৬৬৮ জন আসামির সবার উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির জন্য ২০ জুন (রোববার) দিন ধার্য করেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক আদালতপ্রধান মেজর জেনারেল মইনুল ইসলাম।
সেদিন আসামিদের বিরুদ্ধে বিদ্রোহ ও বিদ্রোহে সহায়তার অভিযোগ সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়। আসামিদের মধ্যে অনেকে কারাগারে থাকায় তাদের চুল-দাড়ি-গোঁফ বাহিনীর নিয়মিত সদস্যদের চেয়ে বড় ছিলো।
বিষয়টি দৃষ্টিতে নিয়ে আদালতপ্রধান সব আসামিকে বিদ্রোহের আগে যে চেহারা ছিলো তা নিয়ে আদালতে হাজির করানোর জন্য প্রসিকিউটরকে নির্দেশ দেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়।
এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে।
বিদ্রোহের অভিযোগে সারাদেশে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
পিলখানায় হত্যা ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসব অপরাধের তদন্ত করছে।
রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয়জন জওয়ানের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া শুরু হয়। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা ও রাঙামাটিতে রায় হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাজাও হয়েছে বেশ কয়েকজনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/১১০৪ ঘ.
bdnews24