২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকজন ব্যবসায়ী চিহ্নিত, ব্যবস্থার সুপারিশ

বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে চাল কিনে অবৈধভাবে মজুদ এবং চালের দাম বাড়ানোর জন্য কয়েকজন চালকল মালিক ও ব্যবসায়ীকে চিহ্নিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 06:51 PM

Updated : 25 Aug 2022, 12:32 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে চাল কিনে অবৈধভাবে মজুদ এবং চালের দাম বাড়ানোর জন্য কয়েকজন চালকল মালিক ও ব্যবসায়ীকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত এসব চালকল মালিক ও ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের কাছে সুপারিশ করেছে দ্রব্যমূল্য সংক্রান্ত আন্তমন্ত্রণালয় মনিটরিং কমিটি। সোমবার সচিবালয়ে কমিটির সভাপতি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মর্তুজা রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত দ্রব্যমূল্য সংক্রান্ত এক সভায় এই সুপারিশ করা হয়। সভা শেষে মর্তুজা রেজা সাংবাদিকদের জানান, চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের এ ধরনের ঋণ দেওয়া বন্ধ করতে বাংলাদেশ ব্যাংককে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি। এছাড়া আসন্ন রমজান উপলক্ষে খাদ্য মন্ত্রণালয়কে খোলা বাজারে চাল বিক্রি ব্যবস্থা (ওএমএস) চালুর সুপারিশ করা হয়েছে। মজুদবিরোধী কার্যক্রম জোরদার করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরো কার্যকর করারও সুপারিশ করা হয় বলে জানান মর্তুজা রেজা। বাংলাদেশ ব্যাংককে প্রতি মাসেই ঋণপত্র খোলা, নিষ্পত্তি ও আমদানি প্রতিবেদন জমা দিতে বলা হয়। গত দুই বছরের প্রতিবেদন আগামী ১৫ দিনে মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতেও বলেছে কমিটি। সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, কৃষি মন্ত্রণালয়কে মৌসুম ভিত্তিক নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রকৃত উৎপাদন ও চাহিদার প্রতিবেদন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বিগত দুই অর্থবছরে (২০০৮-০৯ ও ০৯-১০) দেশে ডিম ও দুধের প্রকৃত উৎপাদন ও চাহিদার প্রতিবেদন দিতে ১৫ দিন সময় দিয়েছে কমিটি। সভায় জানানো হয়, দেশে বর্তমানে চিনির পর্যাপ্ত মজুদ রয়েছে। এরপরও চিনির দাম বাড়ার কোনো কারণ খুঁজে পায়নি মনিটরিং কমিটি। ২০০৮-০৯ ও ২০০৯-১০ অর্থবছরে দেশে চিনির উৎপাদন ও চাহিদার প্রতিবেদন দিতে কমিটি শিল্প মন্ত্রণালয়কে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/২৩৫৬ ঘ.