চাঁপাইনবাবগঞ্জ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় পাগলা নদীতে সোমবার দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছর গঙ্গা দশহরা তিথী অনুযায়ী জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে এখানে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। চলে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত হিন্দু ধর্মালম্বীরা পূণ্য লাভের আশায় আসেন এখানে।
কানসাট সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি নব কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার থেকে কানসাট ও এর আশপাশ এলাকায় পূণ্যার্থীদের সমাগম হয়েছে। সোমবার ভোর থেকে তারা নদীতে নেমে পূজা-অর্চনা শেষে পাপ মোচন ও পূণ্য অর্জনের আশায় স্নান করে।
শতশত বছর থেকে এ স্থানে গঙ্গাস্নান ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলেও জানান তিনি।
এ উপলক্ষে নদীর তীর ও কানসাট রাজবাড়ি মাঠে দিনব্যাপী কীর্তনসহ ধর্মীয় সংগীতের অনুষ্ঠান ও মেলা হয়েছে।
গঙ্গাস্নান ও মেলাকে ঘিরে স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় বলেও জানান নব কুমার দাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩৫৩ ঘ.
bdnews24