ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে দক্ষিণ-পশ্চিম অঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
আগামী বুধবারের মধ্যে ১৬ দফা দাবি মেনে না নিলে বৃহস্পতিবার (২৪ জুন) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে তারা।
ধর্মঘটের পক্ষে বিভিন্ন জেলায় পৃথক সংবাদ সম্মেলন করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিরা জানান।
এর আগে গত ৫ জুন ২১ জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা ফরিদপুর শহরের একটি হোটেলে সভা করে এসএম শাহ আলম মুকুলকে আহবায়ক করে ৬২ সদস্যের কমিটি গঠন করেন।
পরদিন পরিষদের আহ্বায়ক এস এম শাহ আলম মুকুল ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আগামী ২৩ জুনের মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
দাবি না মানলে ২৪ জুন (বৃহস্পতিবার) ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- যন্ত্রচালিত বাহন নসিমন, করিমন, ভটভটি ও গ্রামবাংলা অটোভ্যান নিষিদ্ধ ঘোষণা, ব্যাটারিচালিত ইজিবাইক, মটরসাইকেল ও মাইক্রোবাসে অবৈধভাবে যাত্রীবহন বন্ধ, বরিশাল থেকে কাওড়াকান্দি পর্যন্ত বিআরটিসির পরিবহন চলাচল বন্ধ ও মিনিট্রাকে যাত্রীবহন বন্ধ করা, প্রতি জেলায় বিআরটিসি'র দপ্তর স্থাপন, রিকুইজিশনকৃত গাড়ির ক্ষতিপূরণসহ বকেয়া বিল প্রদান, দুর্ঘটনাকবলিত গাড়ি ২৪ ঘণ্টার মধ্যে মালিককে প্রদান, মালিক-শ্রমিক ইউনিয়নের অনুমতি ছাড়া চাঁদা আদায় না করা, নড়িয়ার মালিক সমিতি বাতিল করা, জেলা সদর ব্যতিত মালিক সমিতির অনুমোদন না দেওয়া প্রভৃতি।
ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাগেরহাট, ফরিদপুর, শরীয়তপুর ও গোপলগঞ্জে পরিষদের নেতারা পৃথক সংবাদ সম্মেলন করেছেন।
তবে খুলনায় এ ধর্মঘট পালন করা হবে না বলে জানান খুলনা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল গফফার বিশ্বাস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তাদের দাবির সঙ্গে একমত নই। তাই খুলনায় ধর্মঘট পালন করা হবে না।"
এ ব্যাপারে আগামী বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে সরকারের বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৩ ঘ.
bdnews24