ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাত ও সোমবার সকালে এদের কুমিল্লা ও ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
এরা হলেন- মো. আবুল কাশেম ওরফে আব্দুল্লাহ (৪০) ও মো. আব্দুল হক ওরফে জাহাঙ্গীর (৩৫)।
এরা দুজন কক্সবাজারের একটি অস্ত্র মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
সোমবার দুপুরে দুই হরকাতুল জিহাদ (হুজি) সদস্যকে র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, আব্দুল্লাহকে মেঘনা উপজেলার কান্দারগাঁও মাদ্রাসা থেকে রোববার রাতে আটক করা হয়।
তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাকিয়কান্দি গ্রামে। নিজের পরিচয় গোপন করে আব্দুল্লাহ ওই মাদ্রাসায় দীর্ঘদিন চাকরি করে আসছিলেন।
আব্দুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকালে জাহাঙ্গীরকে আটক করা হয় ময়মনসিংহের ভালুকা বাজার বাসস্ট্যান্ড থেকে। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামে।
র্যাবের আইন ও গণসংযোগ শাখার পরিচালক কমান্ডার মো. সোহায়েল জানান, ১৯৯৬ সালের ১৯ ফেব্র"য়ারি কক্সবাজারের উখিয়া থানার দুর্গম পাহাড়ে বিডিআর ও পুলিশ যৌথভাবে হুজির একটি গোপন প্রশিক্ষণ শিবিরে অভিযান চালিয়ে এ দুজনসহ ৪১ জনকে গ্রেপ্তার করে।
ওইদিনই তাদের বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে এদের বিরুদ্ধে একটি মামলা হয়।
কক্সবাজারের বিশেষ ট্রাইব্যুনাল জঙ্গিদের সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
আপিল করার পর হাইকোর্ট তাদের সাজার মেয়াদ কমিয়ে ১২ বছর কারাদণ্ড দেয়।
এর মধ্যে বেশিরভাগ আসামি অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যায়।
র্যাব কর্মকর্তা সোহায়েল জানান, অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাব তৎপর রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমএসবি/১৯৪৭ ঘ.
bdnews24