২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের অপহৃত ব্যবসায়ী আকবর ৩ মাসেও উদ্ধার হয়নি

অপহরনের পর তিন মাস পার হয়ে গেলেও সাভারের খাগুরিয়ার ব্যবসায়ী আলী আকবরকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 01:30 PM

Updated : 25 Aug 2022, 12:34 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরনের পর তিন মাস পার হয়ে গেলেও সাভারের খাগুরিয়ার ব্যবসায়ী আলী আকবরকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহরনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলার আসামিরা ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালত থেকে জামিন পাওয়ার পরপরই এ মামলার বাদিপক্ষকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। মামলার বিবরণে বলা হয়, আলী আকবরের স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন তার অর্থ সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে গত ২২ মার্চ সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকার ভাড়া বাসা থেকে তাকে অপহরন করে। এ বিবরন দিয়ে অপহৃতের ছোট ভাই মো. আবদুর রহিম বাদি হয়ে গত ১৮ এপ্রিল ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। মামলাটি ওই আদালতের জ্যেষ্ঠ হাকিম শাহরিয়ার কবির থানাকে এজাহার হিসাবে গন্য করার নির্দেশ দেন। মামলার আসামি আকবরের স্ত্রী কুলসুম আক্তার (২৭) এবং কুলসুমের ভাই হোসেন আলীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য গত ৯ মে দুদিনের হেফাজতে নেন তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর। বাদির আইনজীবী আবদুর রাজ্জাক অভিযোগ করেন, মামলার নথিপত্রে দেখা যায়, আসামিদের পক্ষ নিয়ে দায়সারা গোছের রিমান্ড ফেরতের প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়, আসামি দুইজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামিদের দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। আইনজীবী রাজ্জাক জানান, আলী আকবর কোথায় আছে, কে কে অপহরন করেছে, অপহরনের উদ্দেশ্য কি, এ সম্পর্কে আসামিদেরকে জিজ্ঞাসাবাদের তথ্যযুক্ত কোন বক্তব্য ওই প্রতিবেদনে ছিল না। আর সে কারনে তারা খুব সহজেই আদালত থেকে জামিন পেয়ে যায়। আদালত জামিন আদেশে এই প্রতিবেদনকে গতানুগতিক উল্লেখ করে আসামিদের জামিন দিয়ে দেন। পরে ১৬ মে তারিখে অপর আসামি কুলসুমের মা আছিয়া বেগম এবং কুলসুমের অপর ভাই ইমান আলী একই আদালতে আত্মসমর্পন করে জামিন পান। আছিয়া বৃদ্ধা ও ইমান অসুস্থ বলে এ জামিন মঞ্জুর করা হয়। সোমবার দুপুরে মামলার বাদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা বিশেষ করে কুলসুমের দুই ভাই জামিন পেয়ে শুধু মামলা তুলে নেওয়ার হুমকিই দিচ্ছে না, তারা রোববার মামলার শুনানির ধার্য দিনে আদালত পাড়ায় ১০/১২ জন সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়ে বাদিকে ধাওয়া করে। কোর্ট রিপোটার্স এসোসিয়েশনের কার্যালয়ে বসে বাদি আদালত পাড়ার সাংবাদিকদের জানান, তিনি নিশ্চিত যে তার ভাইকে আসামিরা এতদিন বাঁচিয়ে রাখেনি। তিনি বলেন, মামলার কারনে তিনি নিজেও আজ বিপন্ন। এবিষয়ে তিনি সাভার থানায় ২১ এপ্রিল, ২০ মে, তারিখে সাধারণ ডায়রি করলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। সোমবার এ মামলায় আসামিদের জামিন বাতিলের আবেদন করা হলেও সে আবেদন নাকচ করেন ওই আদালতের বিচারক কানিজ ফাতেমা। এদিকে বাদি পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে পুলিশের অপর কোন সংস্থা দিয়ে তদন্তের আবেদন করা হলে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের একই বিচারক সে আবেদন ঢাকা জেলার পুলিশ সুপারের কাছে করার জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে তদন্ত বিষয়ে উপরিদর্শক হুমায়ুন কবিরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি আসামিদের পক্ষ হয়ে কোন কাজ করছেন না। তার গতানুগতিক রিমান্ড প্রতিবেদনের কারনে আসামিরা জামিন পেয়ে গেছে বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, জামিন দেয়া না দেয়া আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৯১৯ ঘ.