ঝিনাইদহ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরে সেতুর রেলিং ভেঙে একটি ট্রাক খালে পড়ে হেলপার নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার ভোররাতে শহরের আরাপপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শেখ মাগুরার শ্রীপুর উপজেলার রায় গ্রামের আমিন শেখের ছেলে।
সদর থানার ওসি সগির মিয়া সাংবাদিকদের বলেন, ট্রাকটি বালি নিয়ে পাকশি থেকে মাগুরা যাচ্ছিলো। পথে আরাপপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে খালের পানিতে ডুবে যায়। এতে ট্রাকটির হেলপার ঘটনাস্থলে মারা যান। আহত হন ট্রাকচালক।
তিনি জানান, সকালে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ট্রাকচালককে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৫৮ ঙ.
bdnews24