২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে আর কোনো বাণিজ্যিক স্থাপনা নয়

ধানমণ্ডিসহ রাজধানীর আবাসিক এলাকাগুলোয় বাণিজ্যিক ব্যবহারে নতুন করে আর কোনো ভবন বা স্থাপনা নির্মাণের অনুমতি দেবে না সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 06:10 PM

Updated : 25 Aug 2022, 12:29 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডিসহ রাজধানীর আবাসিক এলাকাগুলোয় বাণিজ্যিক ব্যবহারে নতুন করে আর কোনো ভবন বা স্থাপনা নির্মাণের অনুমতি দেবে না সরকার। তেজগাঁওয়ে শিল্প ও বাণিজ্যিক বলে কোন মিশ্র এলাকা রাখা হচ্ছে না। শিল্প অথবা বাণিজ্যিক নামে একটি প্যাকেজের আওতায় আনা হবে পুরো এলাকাটিকে। তবে শিল্প এলাকা হিসেবে ঘোষণা করা হলেও এতে শুধুমাত্র সেবা খাত সংশ্লিষ্ট শিল্পই স্থাপনের অনুমতি দেওয়া হবে। এ ব্যাপারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রস্তাবনা চূড়ান্ত করার কাজ চলছে বলে স্বীকার করেছেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার শওকত হোসেন। তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। একাধিক সভাও করা হয়েছে সংশ্লিষ্টদের নিয়ে। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত করা হয়নি। পূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধানমণ্ডি আবাসিক এলাকায় বর্তমানে নির্ধারিত ফি জমা দিয়ে 'অ-আবাসিক' নামে একটি প্যাকেজের আওতায় কিছু ভবন বা স্থাপনা নির্মাণ এবং তাদের কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে। সর্বশেষ ২০০০ সালের ১১ মে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এর অনুমোদন দেওয়া হয়। এ প্রজ্ঞাপনের আওতায় ধানমণ্ডির পুরাতন ২৭ নম্বর সড়ক, বর্তমান ২ নম্বর সড়ক, সাতমসজিদ সড়ক, মিরপুর সড়ক এবং গ্রীন রোডের উভয় পার্শ্বের প্লটগুলো ১২টি কাজে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়। বাণিজ্যিক উদ্দেশ্যেই এই ১২টি কাজ পরিচালিত হবে। তবে তা এলাকাটিকে বাণিজ্যিক এলাকায় পরিণত করবে না। অবশ্য বর্তমানে ওই এলাকার প্লট মালিকদের মধ্যে অনেকেই বাণিজ্যিক ব্যবহারের জন্য ভবন বা স্থাপনা নির্মাণের অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়। এ ব্যাপারে ভারপ্রাপ্ত সচিব জানান, ধানমণ্ডিসহ কোনো আবাসিক এলাকায়ই আর বাণিজ্যিক ব্যবহারের জন্য ভবন বা স্থাপনা নির্মাণের অনুমোদন দেওয়া হবে না। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া ধানমণ্ডি এলাকায় 'মেথর প্যাসেজ' সংরক্ষিত এলাকা থেকে প্যাসেজটি সরিয়ে নেওয়া হচ্ছে। এ প্যাসেজের স্থানটি উন্মুক্ত স্থান হিসেবে ব্যবহারের জন্য স্থানীয় প্লট মালিকদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। তবে কোনো অবস্থাতেই এখানে কোনো স্থাপনা নির্মাণের অনুমোদন দেওয়া হবে না বলে তিনি জানান। তেজগাঁও শিল্প এলাকার শিল্প ও বাণিজ্যিক প্লটের ব্যবস্থাপনা প্রসঙ্গে খোন্দকার শওকত হোসেন বলেন, তেজগাঁও এলাকাটি বর্তমানে মিশ্র এলাকা। এখানে শিল্প ও বাণিজ্যিক প্লটের পাশাপাশি আবাসিক এলাকাও রয়েছে। অনেক ক্ষেত্রে বাণিজ্যিক ও আবাসিক প্লটগুলোর মালিকদের পক্ষ থেকে শিল্প প্লট হিসেবে তালিকাভুক্ত হওয়ার আবেদন করা হচ্ছে। তাই এখানে কোনো মিশ্র এলাকা রাখা সম্ভব হবে না। এ এলাকাকে শিল্প অথবা বাণিজ্যিক- একটি প্যাকেজভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তাবনাও চূড়ান্ত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩৪৮ ঘ.