২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি বন্ধ থাকবে ৭ দিন

চাঁদপুর-শরীয়তপুর রুটে আগামী সাত দিন ফেরি চলাচল বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 04:43 PM

Updated : 25 Aug 2022, 12:29 PM

চাঁদপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর-শরীয়তপুর রুটে আগামী সাত দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। রোববার শরীয়তপুর সড়ক বিভাগের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দু'টি বেইলী সেতুর জরুরি মেরামত কাজের জন্য রোববার রাত ১২টা থেকে আগামী ২৬ জুন রাত ১২টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। চাঁদপুর-হরিনা ফেরিঘাটের সহকারী ম্যানেজার মো. জহির উদ্দিন জানান, শরীয়তপুর সড়ক বিভাগের অধীনে মাদারীপুর (মোস্তফাপুর-শরীয়তপুর-ভেদরগঞ্জ-চাঁদপুর আলুবাজার) সড়কের খোয়াজপুর-টেকেরহাট বেইলি সেতু এবং আংগারিয়ার ক্ষতিগ্রস্ত বেইলি সেতুর মেরামত কাজ করা হবে। তিনি বলেন, এ সময় বিকল্প সড়ক হিসেবে শরীয়তপুর-জাজিরা-কাওড়াকান্দি সড়ক এবং ডুমসার-গংগানপুর-মধ্যকান্দি সড়ক ব্যবহার করা হবে। তবে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে বিকল্প ওই সড়ক ব্যবহার করা যাবে না। তিনি বলেন, চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট দিয়ে পারাপার হওয়া যানগুলোকে ক্ষতিগ্রস্ত ওই দু'টি বেইলি সেতু দিয়ে চলাচল করতে হয়। চাঁদপুরের হরিনা ফেরিঘাটের ইজারাদার নাছির মাঝি জানান, সাত দিন ফেরি চলাচল বন্ধ থাকলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তিনি জানান, যে টাকায় ঘাট ইজারা নেওয়া হয়েছে তাতে দৈনিক ১,৮৭০ টাকা করে ৭ দিনে ১৩ হাজার ৯০ টাকা লোকসান হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেবি/এইচএ/২১৩৪ ঘ.