ফদিরপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা ফেরত চাওয়া ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ফরিদপুরে এক যুবক তার ফুফুকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর আদমপুর গ্রামে রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মেহেরা খাতুন (৪০)। তার স্বামী জামালউদ্দিন বিশ্বাস একজন রিকশাচালক।
কোতয়ালী থানার ওসি নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, পাশাপাশি ঘরের বাসিন্দা মেহেরা ও তার ভাই আক্কাস শেখের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিলো। কয়েক মাস আগে মেহেরার কাছ থেকে আক্কাস ১২ হাজার টাকা ধার নিয়েছিলেন। রোববার সকালে মেহেরা ওই টাকা ফেরত চাইলে আক্কাসের সঙ্গে তার ঝগড়া হয়।
তিনি বলেন, এক পর্যায়ে আক্কাসের ছেলে এস্কেন্দার শেখ (২৫) মেহেরাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে মেহেরা ঘটনাস্থলে মারা যান।
লাশ ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জামালউদ্দিন বিশ্বাস এস্কেন্দার শেখসহ আটজনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৪১৫ ঘ.
bdnews24