সাভার, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্র"পের পাঁচটি পোশাক কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনায় ১৮০ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে।
শনিবার রাতে আশুলিয়া থানায় নাসা গ্র"পের পক্ষ থেকে মামলা দুটি দায়ের করা হয়। মামলায় মোট ৭০ জনের নাম দেওয়া হয়েছে এবং ১১০ জনকে অজ্ঞাত বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে শ্রমিকদের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে শনিবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জামগড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে নাসা গ্র"পের পাঁচটি প্রতিষ্ঠানের কয়েকশ' শ্রমিক। তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন কারখানার শত শত শ্রমিক। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে কয়েকদফা সংঘর্ষে ছয় পুলিশসহ শতাধিক আহত হয়।
নাসা গ্র"পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) গোলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূন্যতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে শ্রমিকরা শুক্রবার বিকালে পাঁচটি কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। পিটিয়ে আহত করে কয়েকজন কর্মকর্তাকে।
তিনি বলেন, এ ঘটনায় নাসা গ্র"পের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ মজুমদার বাদী হয়ে আশুলিয়া থানায় ৫৯ জন শ্রমিকের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮০ জন শ্রমিককে আসামি করে একটি মামলা (নং-৪৮) দায়ের করেছেন।
মহিউদ্দিন জানান, একই দাবিতে আন্দোলনরত শ্রমিকরা শনিবার সকালে পুনরায় ওই পাঁচ কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় নাসা গ্র"পের সহকারী ব্যবস্থাপক গোফরান আলী বাদী হয়ে ১১ জন শ্রমিকের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০ জন শ্রমিককে আসামি করে রাতে আরও একটি মামলা দায়ের করেন।
এ মামলা দুটি দায়েরের কথা স্বীকার করে আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে শ্রমিকরা গাড়ি ভাংচুর করায় ও তাদের ইট-পাটকেলের আঘাতে পুলিশ আহত হওয়ার ঘটনায় অজ্ঞাত ২-৩ হাজার শ্রমিককে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, কারখানা কর্তৃপক্ষের দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১৩০২ ঘ.
bdnews24