ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 'গণতন্ত্রের জয়' হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।
তিনি বলেন, "সত্যিকার অর্থে গণতন্ত্র থাকলে এই নির্বাচন কমিশনের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনেই তা প্রমাণিত হয়েছে।"
শনিবার সংসদে ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেন।
তিনি প্রস্তাবিত বাজেটকে 'সুষম ও গণমুখী' অভিহিত করে বলেন, এ বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত 'রূপকল্প ২০২১' বাস্তবায়নের বাস্তব দলিল। বাজেটে শিক্ষা, কৃষি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, জ্বালানি ও বিদ্যুৎ এবং সামাজিক নিরাপত্তা খাতে সর্বাধিক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
চট্টগ্রাম সিটি নির্বাচনের ফলাফল গণনার সময় 'বিশৃঙ্খল' আচরণের সমালোচনা করে তিনি বিরোধীদলকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান।
"বিরোধীদল সংসদের বাইরে থেকে প্রমাণ করছে যে, সংসদ তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়" বলেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রী আশা প্রকাশ করেন যে, আগামী পাঁচ বছরের মধ্যেই সমুদ্রসীমা নিয়ে বিরোধের নিষ্পত্তি হবে।
এ সম্পর্কে দীপু মনি বলেন, বঙ্গোপসাগরে প্রাকৃতিক সম্পদের ওপর দেশের মালিকানা ও অভিগম্যতা প্রতিষ্ঠা করতে ভারত ও মায়ানমারের সঙ্গে বাংলাদেশ আলোচনা শুরু করেছে। পাশাপাশি বাংলাদেশ আন্তর্জাতিক সহায়তার জন্য আরবিট্রেশনে গিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যেই বঙ্গোপসাগরে বাংলাদেশের অভিগম্যতা নিশ্চিত হবে। এরপরই গভীর সমুদ্রের সম্পদ কাজে লাগানো যাবে।
পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সরকারি দলের মীর শওকত আলী বাদশা, শাহীন মনোয়ারা হক, বেগম তহুরা আলী, আবদুর রহমান, মোস্তাক আহমেদ রুহী, মো. জাকির হোসেন ও জাতীয় পার্টির এইচ এম গোলাম রেজা বাজেট আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম
bdnews24