২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুরাইনে মা-শিশু আত্মহত্যার প্ররোচণা মামলা, দুজনের রিমান্ড

জুরাইনে মা ও দুই শিশুর আত্মহত্যা প্ররোচণা মামলায় দুইজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার অনুমতি নিয়েছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 12:26 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জুরাইনে মা ও দুই শিশুর আত্মহত্যা প্ররোচণা মামলায় দুইজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার অনুমতি নিয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার বিকালে আত্মহণনকারী ফারহানা কবীর রিতার গাড়িচালক মো. আল আমিনকে ৫ দিন এবং ওষুধ বিক্রেতা মো. আবদুল গাফফারকে দুই দিন আইনি হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম তানিয়া কামাল । মামলার নতুন তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন। দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবিরের পুত্রবধূ রিতা (৪০), নাতি ইশরাক কবীর পাবন (১৩) এবং নাতনি রাইসা রাশমিন পায়েল (১১) পূর্ব জুরাইনের আলমবাগের ২২৯ নম্বর বাড়িতে গত ১০ জুন বিকাল থেকে পরের দিন সকালের মধ্যবর্তী যে কোন সময়ে ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় রিতার মা মোসাম্মৎ মাজেদা বেগম কদমতলী থানায় গত ১১ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে রিতার স্বামী রাশেদুল কবীর, তার বাবা শফিকুল কবীর, মা নূর বানু, গাড়িচালক আল আমিনসহ ৮ জনের নাম উল্লেখ করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। হেফাজতে নেওয়ার এ বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং বিভাগের কর্মকর্তা উপরিদর্শক এস এম সালোয়ার হোসেন। হেফাজতের আবেদনে বলা হয়, ওই মৃত্যুর ঘটনার জন্য আসামিরা দায়ী বলে রিতা বাসার দেয়ালে লিখে যান। রিতার সাথে তার শ্বশুরের পরিবারের দীর্ঘদিন থেকে বিবাদ ছিল। রিতার স্বামী রাশেদুল কাজের মেয়ে স্মৃতিকে (৩০) বিয়ে করে দীর্ঘদিন থেকে অন্যত্র বসবাস করছেন। এ সব কারনে রিতার শ্বশুরের পরিবার প্রায় সময় ঝগড়ায় লিপ্ত হতো। মৃত্যুর কয়েকদিন আগে তারা রিতাকে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। হেফাজতের আবেদনে আরো বলা হয়, আল আমিন ঘটনার আগে রিতাকে ওষুধের দোকান থেকে বিষাক্ত দ্রব্য এনে দিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে রিতার গাড়িচালক আল আমিনকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার গুয়াধারা গ্রাম থেকে শুক্রবার গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী রাজধানীর দয়াগঞ্জের ওষুধের দোকান মালিক আবদুল গাফ্ফারকে গ্রেফতার করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, আল আমিন গাফ্ফারের কাছ থেকে রিতার চাওয়া ১০ পাতার একশটি মিডলন ট্যাবলেট ১৫ শ টাকায় কিনে আনে। যে ওধুধ খেয়ে রিতা তার ছেলে মেয়েকে নিয়ে আত্মহত্যা করে। গাফফার পুলিশকে জানায়, তার কোন ড্রাগ লাইসেন্স নেই। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই সে আল আমিনের কাছে এতগুলো ওষুধ বিক্রি করেছে। আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, সুষ্ঠু তদন্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তাদেরকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। বিচারক গ্রেপ্তারকৃতদের পক্ষে জামিন আবেদন নাকচ করে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন এবং ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৯১১ ঘ.