২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরি শিক্ষার আধুনিকায়নে উদ্যোগ নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন কারিগরি শিক্ষাকে সামাজিকভাবে আজও অবমূল্যায়ন করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 01:03 PM

Updated : 25 Aug 2022, 12:26 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন কারিগরি শিক্ষাকে সামাজিকভাবে আজও অবমূল্যায়ন করা হচ্ছে। 'কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১০' উপলক্ষ্যে শনিবার আয়োজিত শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয় এবং শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শিক্ষামন্ত্রী বলেন, "প্রযুক্তিনির্ভর কারিগরি শিক্ষায় শিক্ষিত নতুন প্রজন্মই হবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অন্যতম হাতিয়ার। সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।" তিনি বলেন, বাংলাদেশের অদক্ষ হাজার হাজার জনবল বিদেশে স্বল্প বেতনে কাজ করছে। তাদেরকে কারগরি ও বৃত্তিমূলক শিক্ষায় প্রশিক্ষিত করে বিদেশে পাঠাতে পারলে বর্তমানের চেয়ে দ্বিগুণ তিনগুণ আয় করা সম্ভব।" নাহিদ আত্মনির্ভর জাতি গঠনের লক্ষ্যে কারিগরি শিক্ষাকে অধিক মূল্যায়ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এই প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় ২০-২৬ জুন দেশব্যাপী 'কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১০' পালন করার উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ সপ্তাহ উপলক্ষ্যে পৃথক বাণী দিয়েছেন। কারিগরি শিক্ষা সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী সেমিনার, কর্মশালা, আলোচনা সভা, টক শো'সহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার এ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সমাবেশে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নিতাই চন্দ্র সূত্রধর প্রমুখ বক্তৃতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৮৫৪ ঘ.