ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল (ছাত্র পরিষদ) গঠনের জন্য মঙ্গলবার বাছাইকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৬৩০ জন প্রতিনিধি নির্বাচিত হয়।
সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ২০টি উপজেলার বাছাইকৃত একশ'টির মধ্যে ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. ফসিউল্লাহ জানান, বাছাইকরা একশ'টি স্কুলের মধ্যে ৯০ টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারটি স্কুলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রতিনিধি নির্বাচিত হয়।
এ চারটি শিক্ষা প্রতিষ্ঠান হলো কক্সবাজারের রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জের জিতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরাইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিরোজপুরের ৬৮নং ভাণ্ডারিয়া হাইস্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ফসিউল্লাহ বলেন, সিটি করপোরেশন নির্বাচনের জন্য চট্টগ্রামের ডবলমুড়িং থানার পাঁচটি বিদ্যালয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে। কক্সবাজারের রামুতে একটি স্কুলের মনোনয়নপত্র বাতিল হওয়ায় সেখানে আবার তফসিল ঘোষণা করা হবে। এসব স্কুলে ২২ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে ১,৬১২ জন প্রার্থী ছিলো। আগামী ৭ দিনের মধ্যেই নির্বাচিত প্রতিনিধিদের বৈঠক করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক চিঠি পাঠাবেন বলে তিনি জানান। ওই বৈঠকে তাদের মধ্যে সাতটি দপ্তর বন্টন করা হবে।
উপ-পরিচালক ফসিউল্লাহ আরো জানান, খুদে শিক্ষার্থীরাই নির্বাচন কমিশনার, ভোটার, পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বরিশাল সদরের উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মজিবুর রহমান বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুযোগ না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান বলেন, "বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছাত্র সংসদগুলো অকার্যকর। এ সংস্কৃতি থেকে শিশুদের বের করে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি পঞ্চম শ্রেণীর ছাত্র সুজন ইসলাম মুন্না বলে, "আমি খুবই আনন্দিত। হয়তো জিততে পারবো না- এটা ভেবে প্রথমে ভয় পেয়েছিলাম। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে গিয়ে আমি সহজেই প্রচারণা চালিয়েছি।"
মুন্না আরো জানায়, নির্বাচনের কারণে তার পড়াশুনার কোনো ক্ষতি হয়নি। এখন স্কুলের উন্নয়নে কাজ করাই তার লক্ষ্য।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নরসিংদীর মনোহরদী ও গাজিপুরের কাপাসিয়ায় বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন পরিদর্শন করেন।
স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সংক্রান্ত মন্ত্রণালয়ের এক আদেশ অনুযায়ী, শুধুমাত্র তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাই এ নির্বাচনে প্রার্থী হয়েছে। এ তিনটি শ্রেণী থেকে কমপক্ষে দুইজন করে প্রতিনিধি নিয়ে সাত সদস্যের স্টুডেন্ট কাউন্সিল গঠিত হবে। এক বছরের জন্য এ কাউন্সিল নির্বাচিত হবে। প্রতি বছরের জানুয়ারি মাসে এ নির্বাচন হবে।
তবে নির্বাচিত কাউন্সিল প্রাথমিক পর্যায়ে প্রতিটি শ্রেণী থেকে দুইজন করে সহযোগী প্রতিনিধি মনোনীত করবে। এসব প্রতিনিধি নির্বাচিত কাউন্সিলকে সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করবে। বিদ্যালয়ের সাতটি প্রধান কার্যক্রম তদারকি করবে সাত সদস্যের এই কাউন্সিল। এসব কার্যক্রম হচ্ছে- পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানি সম্পদ, দুপুরের খাবার এবং অভ্যর্থনা ও আপ্যায়ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২১৫৮ ঘ.
bdnews24