কিশোরগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় দুইজনকে ফাঁসি ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।
মঙ্গলবার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তাবাসসুম ইসলাম এই রায় দেন।
রায়ে যাবজ্জীবন দণ্ডিতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাভোগ করতে হবে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত দু'জন হলেন- মীর আহমদ হোসেন ও মীর মইনুল হোসেন।
যাবজ্জীবন দণ্ডিরা হলেন- মীর আশরাফ হোসেন, মীর মোশারফ হোসেন, মীর বাবু হোসেন, মীর আজমত হোসেন, মীর নবী হোসেন, সাজ্জাদ হোসেন শাহীন ও কামরুল মিয়া।
মামলার নথি থেকে জানা যায়, মীর আহমদ হোসেনের কাছে পাওনা টাকা নিয়ে আব্দুস ছমেদের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এই বিরোধের জেরে ২০০১ সালের ১২ ডিসেম্বর অষ্টগ্রাম উপজেলার বর্ধমানপাড়া গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুস ছমেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় আসামিরা।
হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এই ঘটনায় পরদিনই নিহতের বড়ভাই আব্দুর রউফ বাদি হয়ে অষ্টগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দু'জন এবং যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত মীর আশরাফ হোসেন পলাতক রয়েছেন। বাকিরা কারাগারে রয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষে আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) এ কে এম আমিনুল হক চুন্নু।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24