২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ: প্রকাশনা বাতিল সিদ্ধান্তে স্থগিতাদেশ স্থগিত

দৈনিক আমার দেশের প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত স্থগিতের হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 05:51 AM

Updated : 25 Aug 2022, 12:14 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশের প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত স্থগিতের হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আবেদনটির ওপর সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। তারা শুনানিতে বলেন, প্রকাশক হিসেবে হাসমত আলী পদত্যাগ করার কারণে আমার দেশের প্রকাশনা বাতিল করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে ও কারণ দর্শানোর নোটিশ দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার দেশের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক-উল-হক ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তারা বলেন, বেআইনিভাবে ও অসৎ উদ্দেশে আমার দেশের প্রকাশনা বাতিল করা হয়েছে। হাইকোর্ট এসব বিবেচনায় এনে প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে। তারা আরো বলেন, হাইকোর্টের আদেশের পর পত্রিকাটি প্রকাশ করা হয়েছে, তাই এখন হাইকোর্টের আদেশ স্থগিতের কোনো সুযোগ নেই। গত ১০ জুন হাইকোর্ট আমার দেশের প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে। সরকার গত ১ জুন বৈধ প্রকাশক না থাকার অভিযোগে আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল করে। ২ জুন ভোররাতে কারওয়ানবাজারের কার্যালয় থেকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/কেএমএস/১৩০৩ ঘ.