২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পাল্লা দিয়ে উড়ছে পছন্দের দলের পতাকা

গাজীপুরে ছাদে ছাদে উড়ছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, স্পেনসহ বিভিন্ন দেশের বিভিন্ন আকারের পতাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 05:13 AM

Updated : 25 Aug 2022, 12:14 PM

গাজীপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ছাদে ছাদে উড়ছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, স্পেনসহ বিভিন্ন দেশের বিভিন্ন আকারের পতাকা। পতাকা দেখে যে কেউ বুঝতে পারবেন, গাজীপুরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকই বেশি। দু'দলের সমর্থকরা এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণের জন্য হাতে নিয়েছেন নানা কর্মসূচী। ম্যাচ জিতলে মিষ্টিমুখসহ খাসি-খিচুরীর আয়োজনও করেছেন তারা। এলাবাসীরা জানান, সমর্থকরা পাল্লা দিয়ে ওড়াচ্ছেন তাদের পছন্দের দলের (দেশের) বিশাল জাতীয় পতাকা। কে কত বড় মাপের পতাকা ওড়াতে পারেন সম্ভবত তারই প্রতিযোগিতা। সদর উপজেলার নাওজোর এলাকায় ডট কম স্যুয়েটার কারখানার কর্মকর্তা-শ্রমিকরাও পিছিয়ে নেই। কারখানার ব্রাজিল সমর্থকরা রোববার বিশাল আকৃতির পতাকা উড়ালে সোমবার সন্ধ্যায় আর্জেন্টিনার সমর্থকরাও কারখানার ছাদের অপর পাশে উড়িয়ে দেয় ১১শ' (১১০০) বর্গফুটের বিশাল পতাকা। কারখানায় কর্মরত আর্জেন্টিনার ভক্ত তানভির হোসেন জানান, তাদের ওই পতাকা তৈরিতে খরচ পড়েছে প্রায় সাড়ে ৪ হাজার টাকা। এদিকে সদর উপজেলার ভোগড়া শিল্পাঞ্চলের সাবেক বাসন ইউপি সদস্য আতাউর রহমান হলেন ব্রাজিলের সমর্থক। তিনি জানান, বিশ্বকাপে তার দল ব্রাজিল বিজয়ী হলে তিনি তার সমর্থকদের জন্য খাসি-খিচুরীর আয়োজন করবেন। বড় পর্দায় বিশ্বকাপের আয়োজন গাজীপুর জেলা শহরের কেবি মার্কেটের ব্যবসায়ীরা বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর আয়োজন করেছেন। আয়োজকরা জানান, মার্কেটের সামনে ভাওয়াল রাজবাড়ি সড়কের পাশে বসে দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন। এখানে নিজস্ব জেনারেটরের মাধ্যমে সার্বক্ষনিক বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। আয়োজকদের মধ্যে শংকর বনিক এবং আনন্দ ঘোষ জানান, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপের সকল খেলা বিনা মূল্যে বড় পর্দায় দেখানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১০৫ ঘ.