কুষ্টিয়া, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সদর উপজেলার নওয়াপাড়া গ্রামে সমির মন্ডল (৩৫) নামের এক চরমপন্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তার স্বীকারোক্তি অনুযায়ী বাঁশ ঝাড় থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
সমির মন্ডল নওয়াপাড়ার চকফর মন্ডলের ছেলে।
কুষ্টিয়া সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, সমির নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গন-মুক্তিফৌজের শীর্ষস্থানীয় ক্যাডার। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ সোমবার রাতে নওয়াপাড়ায় অভিযান চালিয়ে সমির মন্ডলকে গ্রেপ্তার করে।
ওসি জানান, জিজ্ঞাসাবাদ করা হলে সে অস্ত্রের কথা স্বীকার করে। তার দেয়া তথ্য অনুযায়ী পাশ্ববর্তী স্বস্তিপুর গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে দেশে তৈরি একটি এল.জি. ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, সমির মন্ডলের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় দুটি হত্যাসহ তিনটি মামলা ও কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১০৪৯ ঘ.
bdnews24