মাদারীপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার প্রার্থীদের হয়রানি না করে অল্প খরচ ও দ্রুত মামলা নিস্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি মো. ফজলুল করিম।
সোমবার বিকালে মাদারীপুর আইনজীবী সমিতি কার্যালয়ে সমিতি আয়েজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিচারক ও আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, সিভিল রুলস এন্ড অর্ডারস মোতাবেক বিচার পরিচালনা করে বিচার প্রার্থীদের ভোগান্তিঅনেকাংশে লাঘব করা যায়।
প্রধান বিচারপতি বলেন, "আমি জজ সাহেবদের বলেছি, যাতে অতি অল্প সময়ের মধ্যে মামলা নিস্পত্তি হয়, মক্কেলের সবচাইতে কম খরচ হয় সেভাবে মামলা ডিসপোজাল করবেন।"
মামলা মুলতবি সম্পর্কে ফজলুল করিম আইনজীবীদের উদ্দেশে বলেন, আপনারা (অ্যাডভোকেট) যদি সহায়ক শক্তি হোন তাহলে জজ সাহেবদের অহেতুক মামলা মুলতবি করার প্রবণতা হয়তো অচিরেই দূর হয়ে যাবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান খানের সভাপতিত্বে সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশরাফুল ইসলাম, মাদারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৩ ঘ.
bdnews24