কুমিল্লা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা ১২ ছাত্রী আহত হয়েছে।
আহতদের গৌরীপুর স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা সবাই ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
সোমবার সকালে গৌরীপুরের সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে ক্লাস নেওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রায় ৭০ বছর পুরনো এই ভবনটি এক দশক আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিদ্যালয়টির শিক্ষক হাবিবুর রহমান।
তিনি বলেন, ঘটনার সময় বিদ্যালয়ের ওই কক্ষে ষষ্ঠ শ্রেণীর বালিকা শাখায় ক্লাস চলছিল। দুপুর ১১ টায় হঠাৎ বিকট শব্দে শ্রেণী কক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়ে।
এতে রুপা, জাকিয়া, আফরোজা, মারিয়া, সুরাইয়া, তানিয়া, মীম, সোমাইয়া, সালমা, সামিয়া ও সুলতানা আহত হয়।
পরে শিক্ষক ও স্থানীয় লোকজন আহত ছাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
হাবিবুর রহমান বলেন, "ভবনটি মেরামতের জন্য শিক্ষামন্ত্রণালয়ে বার বার চিঠি দিয়েও কোনো লাভ হয়নি।"
প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, "ছাত্রছাত্রী বেশি হওয়ায় বাধ্য হয়েই পুরাতন ভবনে ক্লাস নিতে হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১২৮ ঘ.
bdnews24