নারায়ণগঞ্জ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি ক্যাবল কারখানা সোমবার লে-অফ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ফতুল্লার পিঠালীপুল এলাকার 'প্যারাডাইজ ক্যাবলস' নামের এই কারখানা লে-অফ ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
তবে কর্তৃপক্ষের দাবি, কয়েকজন কর্মকর্তাকে মারধর করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কারখানা সাময়িকভাবে বন্ধ করা হয়।
শ্রমিক মশিউর ও জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন ধরে কারখানার শ্রমিকরা বেতন, বোনাস, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিল।
সকালে কাজে এসে কারখানা গেইটে লে-অফের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে ও কারখানার বাইরে বিক্ষোভ শুরু করে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্যারাডাইজ ক্যাবলসের প্রশাসনিক কর্মকর্তা (উৎপাদন) শাহরিয়ার হোসেন বিদ্যুৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সত্য নারায়ণকে কিছু শ্রমিক মারধর করে। তারা প্রতিষ্ঠানের নিয়মনীতি ভেঙে নানা অজুহাতে পরিস্থিতি ঘোলাটে করছে।
তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রতিষ্ঠান লে-অফ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কারখানা চালু করা হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১২৩ ঘ.
bdnews24