ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সাত বছরে দেশে ইলিশ মাছের উৎপাদন বেড়েছে পাঁচ লাখ ৯৬ হাজার মেট্রিক টন। যার বাজার মূল্য প্রায় ১৫ হাজার কোটি টাকা।
চলতি ২০০৯-১০ অর্থবছরে এর উৎপাদন বেড়েছে গত বছরের তুলনায় প্রায় ১৪ হাজার মেট্রিক টন। সরকারের জাটকা রক্ষা কর্মসূচির কারণে আগামীতে ইলিশের উৎপাদন আরো বাড়তে পারে।
'জাটকা রক্ষা কর্মসূচি (২০০৯-১০) মুল্যায়ন কর্মশালা'য় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মজিবুর রহমান এ তথ্য জানান।
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে মৎস্য অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
মৎস্য ও প্রাণিসম্পদ সচিব শরফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি ছিলেন। এতে আরো বক্তব্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম হোসেন।
এছাড়াও জাটকা রক্ষা কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন নৌ-বাহিনীর কমাণ্ডার মনিরুজ্জামান এবং কোস্টগার্ডের ঢাকা উপ-অঞ্চলের কমান্ডার আলতাফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল লতিফ বিশ্বাস জাটকা রক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে বলেন, ইলিশ রক্ষায় বর্তমানে চাঁদপুর, লক্ষীপুর, ভোলা ও পটুয়াখালী এলাকায় চারটি অভয়াশ্রম রয়েছে। সরকার শরীয়তপুরে আরো একটি অভয়াশ্রম ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে। এতে আরো ২০ কিলোমিটার নদী ইলিশের জন্য উন্মুক্ত থাকবে।
জাটকা রক্ষা কার্যক্রমের চিত্র তুলে ধরে মহাপরিচালক মজিবুর রহমান বলেন, জাটকা রক্ষায় সরকার উপকূলীয় জাটকাপ্রবণ জেলাগুলোর জেলেদের জন্য বিশেষ খাদ্য সহায়তার ব্যবস্থা করেছে। এতে প্রতিমাসে পরিবারপ্রতি ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। চারমাসের জন্য ১০টি জেলার এক লাখ ৬৪ হাজার ৭৪০টি পরিবার এ সহায়তা পেয়েছে।
তিনি জানান, দেশে চলতি অর্থবছরে ইলিশের উৎপাদন হয়েছে প্রায় তিন লাখ ১২ হাজার ৬১২ মেট্রিক টন। গত অর্থবছরে যা ছিল দুই লাখ ৯৮ হাজার ৪৫৮ মেট্রিক টন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/০১০৯ ঘ.
bdnews24