ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডাকাতের হামলায় একজন নিহত হয়েছে।
রোববার ভোররাতে উপজেলার কন্নিকান্দা গ্রামে রোববার ভোররাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের একটি মাদ্রাসা থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি হাতে তৈরি বোমা ও দুই রাউন্ড গুলিসহ তিন ডাকাতকে আটক করেছে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুর প্রতিনিধি জানান, ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন মিজানুর রহমান (২৮) নামের এক ভ্যানচালক।
ঘটনার পর ফরিদপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট আওলাদ আলী ফকির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে কর্নিকান্দা গ্রামের মোস্তফা মুন্সীর বাড়িতে হানা দেয় ২০-২৫ জনের একদল ডাকাত। তারা ওই বাড়ি থেকে লুটপাটের পর গ্রামবাসীর ধাওয়ার মুখে পালিয়ে যায়।
রাত ৩টার দিকে ডাকাতদলটি ওই গ্রামের জাফর তালুকদার ও মাহবুব তালুকদারের বাড়িতে আবার হানা দেয়। টের পেয়ে গ্রামের লোকজন তাদের ধাওয়া করে।
পালানোর সময় গ্রামের ভ্যানচালক ডাকাতদলের সামনে পড়ে যান। তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মিজানের গলা কেটে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, খুন ও ডাকাতির অভিযোগে কর্নিকান্দা গ্রামের জাফর তালুকদার বাদি হয়ে একটি মামলা করেছেন।
মেহেরপুর প্রতিনিধি জানান, গ্রেপ্তারকৃত তিন ডাকাত হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদাহ গ্রামের আমির চান (৩৬), এখলাস শেখ (৩০) ও সাহাদাত হোসেন (২৮)।
র্যাব-৬ এর গাংনী ক্যাম্প কর্মকর্তা কমান্ডার জাহিদুল ইসলাম জানান, ডাকাতরা ভোরে বৈঠক করার সময় পুলিশসহ র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। স্থানটি ঘন অন্ধকার হওয়ায় তখন কয়েকজন ডাকাত পালালেও এই তিনজনকে ধরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
পরে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে দুটি শাটার গান, দুটি বোমা ও দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
অস্ত্রসহ তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
গাংনী থানার ওসি মতিয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর থানাসহ এলাকার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাস দমন আইনে মামলা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24