নাটোর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর শহরের বঙ্গজল মহল্লায় শনিবার রাতে একটি পলিথিন কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া কারখানার মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব ও পুলিশের সহায়তায় অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত একশ' কেজি পলিথিন জব্দ করে।
নাটোর সদর থানা জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজাউল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত শনিবার মধ্যরাতে শহরের বঙ্গজল মহল্লার সিরাজুল ইসলাম ওরফে ছোটনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে।
এ সময় তার প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন কারখানার সন্ধান পাওয়া যায়। আদালত কারখানার মালিক ছোটনকে গ্রেপ্তার করে।
তিনি দোষ স্বীকার করলে আদালত তাকে তিন মাস কারাদণ্ড অথবা ৩৫ হাজার টাকা জরিমানা করে। পরে আদালত কারখানাটি সিলগালা করে দেয়।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩১ ঘ.
bdnews24