২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে গুলিতে যুবক খুন

রাজধানীর যাত্রাবাড়িতে অভ্যন্তরীন কোন্দলের জের ধরে রোববার গুলিতে রিংকু (২৬) নামের এক যুবক খুন হয়েছে। একই ঘটনায় আরো দুইজন গুলিবিদ্ধ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 11:36 AM

Updated : 25 Aug 2022, 12:07 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়িতে অভ্যন্তরীন কোন্দলের জের ধরে রোববার গুলিতে রিংকু (২৬) নামের এক যুবক খুন হয়েছে। একই ঘটনায় আরো দুইজন গুলিবিদ্ধ হয়। যাত্রাবাড়ির উত্তর কুতুবখালিতে আবুল কালাম নামের এক ব্যক্তির বাড়ীর সামনে বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনের নাম ফুয়াদ ফয়সল জন (২৪) এবং স্বপন (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিংকু যাত্রাবড়ি থানা এলাকার ৭৫ নম্বর ওর্য়াড স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক বলে একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তবে যাত্রাবাড়ি থানার অপারেশন অফিসার মোশারফ হোসেন তার দলীয় পরিচয় ঠিক নয় দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সে হয়তো সাধারণ সদস্য হতে পারে।" রিংকু কিছুদিন আগেও প্রাইভেট কারের চালকের চাকরি করেছে। বর্তমানে সে বেকার বলে জানান মোশাররফ হোসেন। যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক মোকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রিংকু, জন ও স্বপন স্থানীয় সন্ত্রাসী সাগর গ্র"পের সদস্য। অভ্যন্তরীন কোন্দলের জের ধরে রিংকুকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তাকে গুলি করার সময় রিংকুর সমর্থকরাও পাল্টা গুলি করে থাকতে পারে। এই তিনজনের বিরুদ্ধে মামলা আছে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান মোকতার হোসেন। এদিকে আহত জন চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বলেছে, গুলিতে আহত স্বপন তাকে গুলি করেছে। তবে স্বপনকে কে গুলি করেছে সেটা সে জানায়নি। সংজ্ঞাহীন থাকায় স্বপনের সঙ্গে এ ব্যাপারে কথা বলা সম্ভব হয়নি। স্বপনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার পকেটে একটি ককটেল পাওয়া যায়। এ সময় হাসপাতালে আতংক ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৭০৫ ঘ.