দিনাজপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রী উত্যক্তকারীদের প্রতিরোধে দিনাজপুর জেলা প্রশাসন ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে।
রোববার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ৩ হাজার ছাত্রীকে বাঁশি দিয়েছে।
শহরে বিলি করা হয়েছে প্রচারপত্র।
প্রচারপত্রে বলা হয়, মা-বোনদের উত্যক্তকারীদের সামাজিকভাবে প্রতিরোধ করা প্রয়োজন। বাঁশি বাজলেই বুঝতে হবে আপনার বোন/কন্যা উত্যক্তকারীদের দ্বারা বিপদগ্রস্ত। তাকে বিপদ থেকে উদ্ধারের জন্য এগিয়ে আসুন। উত্যক্তকারীদের সামাজিকভাবে বয়কট করুন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন।
দিনাজপুর জেলা প্রশাসক জামালউদ্দিন আহমেদ বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রশাসনের উদ্যোগে সাড়ে ৩ হাজার ছাত্রীকে বাঁশি দেয়া হয়েছে। এরা উত্যক্তকারীদের কবলে পড়লে বাঁশি বাজাবে। বাঁশি বাজলেই আশপাশ থেকে সচেতন নাগরিক এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে আসবে।
বাঁশি বিতরনের আগে দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গন থেকে ইভটিজিং বিরোধী বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক দক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪২৩ ঘ.
bdnews24