আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরোসিন, লাকড়ি বা খড়কুটোর বদলে গ্রামের মানুষ এখন রান্না করার জন্য বায়োগ্যাসের প্রতি ঝুঁকছে।
বাড়ির আঙিনায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মাধ্যমে গ্যাস দিয়ে রান্নার পাশাপাশি ঘরে বাতিও জ্বালাচ্ছে তারা।
একবার একটি প্লান্ট বসালে তা ৩০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করা যায়। প্লান্ট স্থাপনের জন্য রান্না ঘরের পাশে ২০০ বর্গফুটের জায়গা এবং জৈব পদার্থ যেমন গোবর, মুরগীর বিষ্ঠার জন্য অন্তত ৪টি গরু বা ২০০টি লেয়ার মুরগী প্রয়োজন।
ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন বাড়িতে সাড়ে ১২ হাজার প্লান্ট স্থাপন করা হয়েছে।
এক বছর ধরে বায়োগ্যাস দিয়ে রান্না করছেন ঠাকুরগাঁও সদরের সরকারপাড়ার মিলপুর এলাকার ফরিদা নাজনীন।
এ গ্যাস দিয়ে রান্না করার সুবিধার কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আগুন জ্বলার সময় ধোঁয়া হয় না, হাড়ি-পাতিল এবং রান্না ঘরে কালি পড়ে না। রান্নার পাশাপাশি বাতিও জ্বালানো যায়।"
তিনি আরো বলেন, "আগে লাকড়িতে চুলা জ্বালাতে গেলে ঝামেলা হতো, ধোঁয়ায় চোখ জ্বলতো, অনেক কষ্ট হতো। এখন বায়োগ্যাসে কয়েক সেকেন্ডের মধ্যে জ্বালানো যায়।"
তার বাড়িতে এ প্লান্ট স্থাপন করে দিয়েছে একটি এনজিও।
এ ধরণের ৩০টি এনজিও সরকারের আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর সহযোগী সংগঠন হিসেবে গ্রাম পর্যায়ে প্লান্ট স্থাপনে কাজ করছে।
ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইসলাম শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় গার্হস্থ্য বায়োগ্যাস ও জৈব সার কর্মসূচি প্রকল্পের আওতায় সারা দেশে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হচ্ছে।"
এ প্রকল্পে আর্থিক সহায়তা করছে আন্তর্জাতিক এনজিও এসএনভি- নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং জার্মান সরকারের উন্নয়ন সংস্থা কেএফডব্লিউ।
বায়োগ্যাস সর্ম্পকে তিনি বলেন, বায়োগ্যাস হলো পচনশীল যে কোন জৈব পদার্থ যেমন গোবর, মুরগীর বিষ্ঠা ইত্যাদি বায়ুশূন্য অবস্থায় রাখলে যে পরিচ্ছন্ন জ্বালানী গ্যাস উৎপন্ন হয় তা ই বায়োগ্যাস।
দেশের ৩ শতাংশ লোক প্রাকৃতিক গ্যাসে রান্না করে জানিয়ে তিনি বলেন, "যারা পাইপ লাইনে সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাসে রান্না করছে তাদের বেশিরভাগ শহরে বসবাস করে। অথচ মোট জনসংখ্যার শতকরা ৭০ ভাগ লোক গ্রামে বাস করে, তারা এই সুবিধা থেকে বঞ্চিত।"
এছাড়া গ্রামের মানুষ রান্নার কাজে গাছপালা, পাতা, কাঠ, শুকনো গোবর ও নানা ধরনের বর্জ্য ব্যবহার করে। ফলে বন উজাড় হওয়ার পাশাপাশি পরিবেশ নষ্ট হচ্ছে। জমি হারাচ্ছে উর্বরা শক্তি।
তিনি বলেন, "গোবর ও বিষ্ঠাকে একটা সময় শুধুই বর্জ্য হিসেবে বিবেচনা করা হতো। এখন প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে এ বর্জ্য পদার্থকে সম্পদে পরিণত করা সম্ভব হয়েছে।"
তিনি আরও বলেন, "মূলত গরুর গোবর ও মুরগীর বিষ্ঠা থেকে উৎপন্ন বায়োগ্যাস জ্বালানী হিসেবে ব্যবহার হচ্ছে। একই সাথে বায়োগ্যাস প্লান্ট হতে প্রাপ্ত জৈবসার কৃষি জমির উর্বরতা বৃদ্ধি করে মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"
এসব সুবিধার কথা বিবেচনা করে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইডকলের নির্বাহী পরিচালক।
ইতোমধ্যে বায়োগ্যাস সর্ম্পকে গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়াতে গত ২৮ মে থেকে ৫ জুন পর্যন্ত বায়োগ্যাস সপ্তাহ পালন করা হয়। এজন্য গ্রাহক উদ্বুদ্ধকরণ সভা, শোভাযাত্রা ও বাউল সংগীতের আয়োজন করা হয়।
বায়োগ্যাস সপ্তাহ উপলক্ষ্যে ২৮ মে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে 'বায়োগ্যাস ইউনিয়ন' ঘোষণা করা হয়।
গত বছর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার টিকুরিয়া গ্রামকে 'বায়োগ্যাস গ্রাম' হিসেবে ঘোষণা করা হয়।
আগামী ২০১১ সালে দেশের একটি উপজেলাকে 'বায়োগ্যাস উপজেলা' এবং ২০১২ সালে একটি জেলাকে 'বায়োগ্যাস জেলা' হিসেবে ঘোষণা করার পরিকল্পণা রয়েছে বলে জানান ইসলাম শরীফ।
ইডকলের সচিব এস এম ফরমানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৬ সালের এপ্রিল থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত ছয় বছর মেয়াদী এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।"
২০১২ সালের মধ্যে ৩৭ হাজার ২৬৯টি প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এ বছরের মে মাস পর্যন্ত সাড়ে ১২ হাজার প্লান্ট স্থাপন করা হয়েছে। এ বছরের মধ্যেই আরো প্রায় ১০ হাজার প্লান্ট স্থাপন করা হবে।
তিনি বলেন, "বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে রান্নাঘরের আশপাশে ২০০ বর্গফুটের মতো খোলামেলা জায়গা এবং বাড়ির মালিকের কমপক্ষে ৪টি গরু অথবা ২০০টি লেয়ার মুরগী থাকতে হবে।"
পরিবারের লোকসংখ্যা ও গরুর গোবর অথবা মুরগীর বিষ্ঠার পরিমাণের ওপর ভিত্তি করে প্ল্যান্টের আকার ছোট-বড় হতে পারে।
একটি প্লান্ট স্থাপনে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ইডকল ৯ হাজার টাকা ভূর্তকি দেয়। পরে প্রায় ১৪ থেকে ১৬ হাজার টাকা ঋণ দেয়। বাকি টাকা প্লান্ট স্থাপনকারীকে দিতে হয় বলে জানান তিনি।
গ্যাস উৎপাদনের পর যা অবশিষ্ট থাকে (বায়োগ্যাস রেসিডিউ বা স্লারি) তা উন্নতমানের জৈব সার। এই সার জমিতে ব্যবহার করলে ফলন বেশি হয়, পুকুরে ব্যবহার করলে মাছের উৎপাদনও বৃদ্ধি পায় বলে জানান তিনি।
গ্রাম পর্যায়ে প্লান্ট স্থাপনে কাজ করছে ইডকলের সহযোগী সংগঠন ডিসা।
এ সংগঠনের কুষ্টিয়া ইউনিটের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নানা সুবিধার কথা ভেবে গ্রামের মানুষ বায়োগ্যাস প্লান্ট স্থাপনের প্রতি আগ্রহী হচ্ছে। প্লান্ট স্থাপনে পাঁচ বছরের নির্মাণ গ্যারান্টি দেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে ৩ বছর পর্যন্ত সেবা সুবিধা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১১৪০ ঘ.
bdnews24