২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিদ্যুৎ অফিসে হামলা

বিদুৎ সংযোগ দেওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে নোয়াখালীর চাটখিল উপজেলার পল্লী বিদ্যুৎ কার্যালয়ে বৃহস্পতিবার হামলা ও ভাঙচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 02:37 PM

Updated : 25 Aug 2022, 11:57 AM

নোয়াখালী, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদুৎ সংযোগ দেওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে নোয়াখালীর চাটখিল উপজেলার পল্লী বিদ্যুৎ কার্যালয়ে বৃহস্পতিবার হামলা ও ভাঙচুর হয়েছে। হামলায় ওই অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) গোপাল চন্দ্র শিব ও অফিস পিয়ন রুহুল আমিন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ঘটনায় গোপাল চন্দ্র শিব বাদী হয়ে চাটখিল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা স্বেচ্চাসেবক লীগ সভাপতি আহসান হাবিব সমিরসহ অঞ্জাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। চাটখিল থানার ওসি হুমায়ুন কবির জানান, আহসান হাবিব সমিরসহ একদল লোক পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম গোপাল চন্দ্র শিবের কক্ষে গিয়ে কথা বলার এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে। গোপাল চন্দ্র শিব জানান, দুপুরে আহসান হাবিব সমিরসহ একদল লোক তাদের এলাকার কিছু অংশের বিদ্যুৎ লাইন শহরের বিদ্যুৎ লাইনের সঙ্গে যুক্ত করার কথা বলেন। এতে রাজি না হওয়ায় তারা হামলা চালায়। হামলাকারীরা অফিসের দু'টি কম্পিউটার, চেয়ার-টেবিল, সিলিং ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে বলেও তিনি জানান। এ ব্যাপারে উপজেলা স্বেচ্চাসেবক লীগ সভাপতি আহসান হাবিব সমির বলেন, তিনিসহ এলাকার লোকজন ডিজিএম-এর সঙ্গে কথা বলার সময় তারা অসৌজন্যমূলক আচরণ করেন। এতে লোডশেডিংয়ে অতীষ্ঠ গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে হামলা চালায়। তিনি নিজে হামলায় জড়িত নন বলে দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৩ ঘ.