মাদারীপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের চরমুগরিয়ায় র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে।
ডাকাতরা প্রায় ১৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ওই পরিবারের সদস্যরা।
এলাকাবাসী, পুলিশ ও ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা জানান, র্যাব পরিচয় দিয়ে একদল ডাকাত বুধবার দিবাগত গভীর রাতে স্থানীয় স্বর্র্ণ ব্যবসা প্রতিষ্ঠান মুকুল জুয়েলার্সের মালিক ক্ষিতিশ কর্মকারের বাসায় ঢুকে পড়ে।
ক্ষিতিশ কর্মকারের ছেলে নিখিল কর্মকার বলেন, "ছোট-ছোট অনেক ব্যবসায়ীর স্বর্ণ-গহনা আমাদের কাছে গচ্ছিত ছিল। ডাকাতরা সব নিয়ে যাওয়ায় সর্বসান্ত হয়ে গেছি।"
নিখিল জানান, আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে একটি মাইক্রোবাস নিয়ে র্যাবের পোষাক পড়া একদল লোক বাড়িতে ঢোকে। ঘরে জাল টাকা ও অবৈধ জিনিস আছে দাবি করে তারা তল্লাশী শুরু করে। একসময় অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে তারা সিন্দুক থেকে সমস্ত স্বর্ণালংকার বের করে নেয়।
তারা ক্ষিতিশ কর্মকারের দুই ছেলে নিখিল কর্মকার (৪৫) ও গোপাল কর্মকারকে (৪০) হাতকরা পড়িয়ে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে রাতেই ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের বরইতলায় তাদের ফেলে যায়।
মাদারীপুরের র্যাব-৮ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন হাসান বলেন, "আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। স্বর্ণালঙ্কার উদ্ধারে র্যাব সব ধরণের চেষ্টা চালিয়ে যাবে।"
মাদারীপুর থানার ওসি মো. কাইয়ুম আলী সরদার বলেন, "বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/কেএমএস/১৫১৪ ঘ.
bdnews24