নারায়ণগঞ্জ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শহরের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল এলাকায় বুধবার ২৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে- আধাপাকা টিনশেড বিল্ডিং, টিনের ঘর ও টং দোকান।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভা শাহনাজের নেতৃত্বে প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথউভাবে চতুর্থ দিনের এ অভিযান চালায়।
আইনশৃঙ্খলা রক্ষায় এ সময় বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল। বিআইডব্লিউটিএ'র জাহাজ অগ্রণী ও অগ্রযাত্রা এ অভিযানে ব্যবহৃত হয়।
ম্যাজিস্ট্রেট শোভা শাহনাজ জানান, সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় লঞ্চটার্মিনাল এলাকার উত্তর ও দক্ষিণ পাশের অবৈধ স্থাপনা উচেছদ অভিযান শুরু হয়।
একে একে রহিম স্টোর, আমজাদ হোসেনের দু'টি, ফজলু সরদারের দু'টি, সানু মিয়ার, অহিদ মিস্ত্রী, চন্দ্রপুরী স্টোর, আওলাদ হোসেন নিটিং প্রত্যকের টিনশেড দোকান ভাঙা হয়। এছাড়া দক্ষিণপাশের সেমিপাকা, টিনশেড ঘর ও টং দোকানঘরসহ মোট ২৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর উপ-পরিচালক আলমগীর কবির জানান, উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ'র দুটি জাহাজ অংশ নিয়েছে। এছাড়া বিআইডব্লিউটিএ শতাধিক শ্রমিকও হাতুড়ি, হামার ও শাবল দিয়ে অবৈধ স্থাপনা ভাঙায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৭ ঘ.
bdnews24