২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি ভবন ভাঙ্গছে রাজউক

রাজধানীর আরেক বাড়ির অবৈধ অংশ ভাঙ্গার কাজ শুরু করেছেন নগর উন্নয়ন কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 03:32 PM

Updated : 25 Aug 2022, 11:53 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর আরেক বাড়ির অবৈধ অংশ ভাঙ্গার কাজ শুরু করেছেন নগর উন্নয়ন কর্তৃপক্ষ। দক্ষিণ মুগদাপাড়া ব্যাংক কলোনি এলাকার একটি চারতলা ভবনের ওপর অবৈধভাবে নির্মিত অংশ ভাঙ্গার কাজ বুধবার সকালে শুরু হয়েছে বলে জানান রাজধানীয় উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১/৫৯ নম্বর ভবনের ওপর অবৈধভাবে নির্মিত ৫ ও ৬ তলার অংশটুকু ভাঙ্গার কাজে হাত দেওয়া হয়েছে। "আগামীকাল (বৃহস্পতিবার) সকালে মালিবাগ রেল ক্রসিং এর কাছে আরো একটি চারতলা ভবনের ওপর অবৈধভাবে নির্মিত অংশ ভেঙ্গে ফেলা হবে", বলেন তিনি। এছাড়া মধ্য বেগুনবাড়িতে অবৈধভাবে নির্মিত একটি চারতলা মাদ্রাসা ভবন ভাঙ্গার কাজ আগামী শনিবার শুরু করবে রাজউক। পূর্ব নাখালপাড়া সমিতি বাজারের কাছে ৫ জুন হেলে পড়া পাঁচতলা বাড়িটি ভাঙ্গার কাজ শুরু হবে বৃহস্পতিবার। গত ১ জুন মধ্য বেগুনবাড়ি এলাকায় অবৈধভাবে নির্মিত একটি পাঁচতলা ভবন ধসে ২৫ জনের প্রাণহানি হয়। তারপর থেকে ওই এলাকায় অনুমোদনহীন ভবন ভাঙ্গার এই অভিযান শুরু করেছে রাজউক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমইউএস/আরএ/এমএসবি/২১৩০ ঘ.