২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুর্ঘটনায় ভাই-বোন নিহত

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর কাছে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভাই ও তার বোন নিহত হয়েছে। আহত হয়েছে তাদের মা-বাবাসহ কমপক্ষে ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 07:38 AM

Updated : 25 Aug 2022, 11:55 AM

সিরাজগঞ্জ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর কাছে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভাই ও তার বোন নিহত হয়েছে। আহত হয়েছে তাদের মা-বাবাসহ কমপক্ষে ১০ জন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঢাকা-নলকা-নাটোর সড়কের বালুকুলে বুধবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নিপা (৫) ও সৌরভ (৬) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামের নুরুল ইসলামের সন্তান। আহত নুরুল ইসলাম, তার স্ত্রী সখিনা এবং সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী অধিদপ্তরের রোলার ড্রাইভার আব্দুল মালেকসহ ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি মোস্তফা হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বালুকুলে ময়মনসিংহ থেকে বগুড়াগামী নিরাপদ পরিবহনের একটি বাসকে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী করতোয়া কুরিয়ার সার্ভিসের মালভর্তি কাভার্ড ভ্যানটি ধাক্কা দিলে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে বাসের অন্তত ১২ যাত্রী আহত হয়। তিনি বলেন, ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তির পর সকাল ৯টার দিকে নিপা ও সাড়ে ৯টার দিকে সৌরভ মারা যায়। বাস ও কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৩৩১ ঘ.