চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির তিন কর্মীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে প্রশাসন।
মঙ্গলবার বিকালে তাদের ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স-হেলথ অ্যান্ড ডিসিপ্লিন এর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ আলাউদ্দিন।
তিনি বোর্ড অব রেসিডেন্স-হেলথ অ্যান্ড ডিসিপ্লিন এর সভাপতি।
ড. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই তিন শিক্ষার্থীকে ছয়মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।"
সিগারেট খাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে সোমবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আ জ ম নাসির উদ্দিন গ্র"পের কর্মীরা সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সমর্থক পাঁচজনকে ছুরিকাঘাত করে।
বহিষ্কৃতরা হলেন- ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমদ, দর্শন শেষ বর্ষের আবু সাঈদ আরাফাত ও নৃ-বিজ্ঞান শেষ বর্ষের আবদুল্লাহ আল আসাদ।
এরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাসির উদ্দিন এর অনুসারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি গ্র"পের কর্মী ।
একইসঙ্গে আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না তার কারণ জানাতে এই তিনজনকে নোটিশও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ড. আলাউদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার সঙ্গে জড়িত এই তিনজন কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না দিলে আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/২০৫৫ ঘ.
bdnews24