চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের মেজবান না খাওয়ানোর আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, "আমরা খবর পেয়েছি কোনো কোনো মেয়র প্রার্থীর বাড়িতে বা ক্লাবে গরু জবাই করে মেজবান খাওয়ানো হচ্ছে।"
তবে নির্বাচন কমিশনার কারো নাম উল্লেখ করেননি।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, সুধী সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সাখাওয়াত এ কথা বলেন।
অনুুষ্ঠানে প্রধান দুই মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও মনজুর আলম উপস্থিত ছিলেন না।
তিনি বলেন, ৩৩০ টাকা করে প্রতি কেজি গরুর মাংসের দাম ধরে কত লোককে কত টাকা খরচ মেজবান খাওয়ানো হয়েছে তার হিসাব দিতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে মামলা করা হবে।
সাখাওয়াত বলেন, গত সংসদ নির্বাচনের পর হিসাব না দেওয়ায় ১৪শ' মামলা হয়েছিল, যা এখনো বিচারাধীন আছে। মেজবানসহ নির্বাচনী খরচের হিসাব ঠিকমত দিতে হবে, নইলে মামলা হবে।
তিনি বলেন, "নির্বাচনে পেশীশক্তি ও অর্থের প্রভাব কমাতে বড় আকারের সভা-সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছি। সভা করতে টাকা দিয়ে লোক জোগাড় করতে হয়, মিছিল হলে মারামারি ও সংঘর্ষ হয়।"
সাখাওয়াত বলেন, "নির্বাচন উপলক্ষে যারা রাজনীতির পিকনিক করতে এসেছেন তাদের দয়া করে ১৪ জুন রাতের মধ্যে চট্টগ্রাম মহানগরী ত্যাগ করতে হবে।"
তিনি উপস্থিত প্রার্থী ও তাদের এজেন্টদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলীসহ জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24