২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

ময়মনসিংহে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের দা'র কোপে আহত হয়েছে আরো দুই যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 12:05 PM

Updated : 25 Aug 2022, 11:51 AM

ময়মনসিংহ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের দা'র কোপে আহত হয়েছে আরো দুই যুবক। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের নতুনবাজার রেলক্রসিং শেড ঘরে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায় বলে আহতরা জানিয়েছে। নিহত সাজাহান ইসলাম সাজু (২৮) শহরের বড়বাজার এলাকার প্রয়াত আব্দুল লতিফের ছেলে। আহতরা হলেন- নাজমুল হাসান সানি (২৭) ও ফরহাদ (২৮)। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন ফরহাদ সাংবাদিকদের জানান, সেলিম নামের এক সন্ত্রাসী মোবাইল ফোনে সাজুকে রেল ক্রসিংয়ে যেতে বলে। সে অনুযায়ী তারা ক্রসিংয়ের কাছে শেড ঘরে সেলিমের সঙ্গে দেখা করেন। এ সময় ১৪/১৫ জন সন্ত্রাসী তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে ও দা দিয়ে কোপাতে শুরু করে। সন্ত্রাসীদের দা'র কোপে আহত হয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের গুলিতে সাজু মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোতয়ালি থানার ওসি গোলাম সারোয়ার ও ময়মনসিংহ জামালপুর রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ওসি খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি গোলাম সারোয়ার জানান, ঘটনাটি জামালপুর রেলওয়ে থানার অধীনে হওয়ায় লাশটি উদ্ধার করে জিআরপি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত এ হত্যাকান্ডের কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৫৫৮ ঘ.