২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাম পুলিশের বেতন বাড়ানোর দাবি

বেতন দ্বিগুন করার দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 11:23 AM

Updated : 25 Aug 2022, 11:51 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বেতন দ্বিগুন করার দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন। মঙ্গলবার সকালে এই মানববন্ধনকালে ইউনিয়নের নেতারা বর্তমান বাজার দরের সঙ্গে সংগতি রেখে দফাদারদের বেতন ১৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা এবং গ্রাম পুলিশদের বেতন ১৪০০ টাকা থেকে বাড়িয়ে ২৮০০ টাকা করার কথা বলেন। ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, "২০০৯ সালের ২৮ জুন জেলা প্রশাসকদের সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী গ্রাম পুলিশদের বেতন দ্বিগুন করার ঘোষণা দেন। পরবর্তীতে জাতীয় সংসদেও এই প্রস্তাব গৃহীত হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহাবুদ্দীন এবার বাজেটে মাত্র ৩০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব করায় আমরা আজকের কর্মসূচী পালন করতে বাধ্য হয়েছি।" ইউনিয়নের মহাসচিব এম এ আলীম বলেন, "আগামী ২১ জুন মুক্তাঙ্গনে কাল ব্যাজ ধারন করে সকাল-সন্ধ্যা অনশন কর্মসূচী পালন করা হবে। এরপরও সরকার যদি দাবি পুরণে আন্তরিক না হয় তবে ঐদিন আরও কঠিন ও লাগাতার কর্মসূচী ঘোষণা করা হবে।" মানববন্ধনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সংযুক্ত শ্রমিক ফেডারেশন, বেসরকারি শিক্ষক সমিতি, সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়নসহ আরও কয়েকটি শ্রমিক সংগঠনের নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেএমএস/১৭০৪ ঘ.