ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে আগের কোনো অভিজ্ঞতা না থাকলেও দরপত্র ছাড়া সর্বোচ্চ দুই কোটি টাকার কাজ দেওয়ার বিধান রেখে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০১০ সংসদে উত্থাপন করা হয়েছে।
প্রস্তাবিত সংশোধনীতে কোনো দরদাতা যদি দরপত্রে প্রাক্কলিত ব্যয়ের সর্বোচ্চ ৫ শতাংশের কম বা বেশি দর দেয় তাহলে ওই দরপত্র বাতিল করারও বিধান রাখা হয়েছে।
সোমবার পরিকলল্পনা মন্ত্রী এ কে খন্দকার এ সংক্রান্ত বিলটি উত্থাপন করেন।
পাবলিক প্রকিউরমেন্ট বা গণ ক্রয়াদেশের ক্ষেত্রে আগের আইন অনুযায়ী কোনো অভিজ্ঞতা ছাড়া কাজ দেওয়ার মূল্যসীমা ছিল ৫০ লাখ টাকা।
প্রস্তাবিত সংশোধনীতে উন্মুত্ত দরপত্রের সুযোগ রাখা হয়নি।
এ বিষয়ে বলা হয়েছে, সীমিত দরপত্র পদ্ধতির আওতায় ব্যক্তির যোগ্যতা নির্ধারণে অতীতে সম্পাদিত ক্রয় কাজের অভিজ্ঞতার প্রয়োজন হবে না।
বিলের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, সরকারি অর্থে কোন পণ্য, কার্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবহিতা নিশ্চিত করা এবং সকল ব্যক্তির প্রতি সমান আচরণ ও প্রতিযোগিতা নিশ্চিত কবার জন্য পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ প্রণীত হয়েছিল।
ক্রয়কারী কার্যালয় প্রধান এর সংজ্ঞায় ক্ষেত্র বিশেষে মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার ও জেলা জজদের বিষয়টি অর্ন্তভুক্ত করে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০৯ প্রণয়ন করা হয়।
ওই আইনের বাস্তব প্রয়োগ আরো সহজ করার জন্য অভ্যন্তরীণ কার্যক্রয়ের মূল্যসীমা ৫০ লাখ টাকার পরিবর্তে ২ কোটি টাকা করা প্রয়োজন।
আইনটি সংশোধন করা হলে ২০০৮ সালের পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালাও সংশোধন করতে হবে বলে বিলের উদ্দেশ্য ও কারণে উ্েল্লখ করা হয়েছে।
বিলটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এদিকে বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী পাট (সংশোধন) বিল, ২০১০ উত্থাপন করেন।
এই বিলটি তিন সপ্তাহের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
চার্টার্ড সেক্রেটারিজ বিল পাশ
চার্টার্ড সেক্রেটারি পেশার উন্নয়ন, প্রসার, নিবন্ধন ও নিয়ন্ত্রণ এবং কোম্পানিতে উন্নত প্রশাসনিক ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সোমবার সংসদে চার্টার্ড সেক্রেটারিজ বিল-২০১০ পাশ হয়েছে।
বিলটির ওপর সংশোধনী প্রস্তাব আনা সদস্যদের অনুপস্থিতির কারণে সংশোধন প্রস্তাবগুলো উপস্থাপিত হয়নি।
এর আগে গত ১৫ মার্চ বাণিজ্যমন্ত্রী ফারুক খান বিলটি সংসদে উত্থাপন করেন।
বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসইউএম/এমএসবি/০০১৭ ঘ.
bdnews24