২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আল্লাহর আইন' থেকে সরে এসেছে জামায়াত

গঠনতন্ত্রে 'আল্লাহর আইন' সংক্রান্ত ধারা সংশোধনে রাজি হয়েছে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 05:28 PM

Updated : 25 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গঠনতন্ত্রে 'আল্লাহর আইন' সংক্রান্ত ধারা সংশোধনে রাজি হয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের আপত্তিতে গঠনতন্ত্রের ২ ধারার ৫ উপধারা বাদ দিতে রাজি হয়েছেন দলটির নেতারা। কমিশনে জমা দেওয়া জামায়াতের গঠনতন্ত্রের এই উপধারার এক অংশে বলা হয়েছে- দলটি 'কাহাকেও স্বয়ংসম্পূর্ণ বিধানদাতা ও আইনপ্রণেতা মানিয়া লইবে না এবং আলাহর আনুগত্যও তাঁহার দেওয়া আইন পালনের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয় এমন সকল আনুগত্য মানিয়া লইতে অস্বীকার করিবে'। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর গঠনতন্ত্র সংশোধনে রাজি হওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি জানান, কমিশনের নির্দেশনা অনুযায়ী জামায়াত আগামী ২০২০ সালের মধ্যে দলের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ৩৩ ভাগ নারী রাখাতে সম্মত হয়েছে। এ ছাড়া আরো ৪টি বিষয়ে লিখিত ব্যাখ্যা ইতোমধ্যে নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটি। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও ইসির সচিব উপস্থিত ছিলেন। জামায়াতের প্রতিনিধি দলে মুজাহিদ ছাড়াও ছিলেন- সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলামসহ দলের নয় সদস্য। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক জামায়াতের গঠনতন্ত্রের ধারাগুলো সংশোধনে তিন দফা চিঠি দেওয়ার পর সোমবার নির্বাচনের কমিশনের সঙ্গে বৈঠকে বসে দলটি। বৈঠক শেষে মুজাহিদ সাংবাদিকদের বলেন, "ইসি চিঠি দিয়েছিল। তাই আলোচনার জন্য এসেছিলাম।" তিনি বলেন, "নিবন্ধনের সময় গঠনতন্ত্রের একটি বাক্য পরির্বতনের কথা ছিল। কিন্তু ছাপার ভুলে তা স্থায়ী গঠনতন্ত্রেও থেকে গিয়েছিল। তা আবারো সংশোধন করা হবে।" মুজাহিদ জানান, নারী নেতৃত্বের বিষয়টি গঠনতন্ত্রের ফুট নোটে ছিল, কমিশন তা মূল ধারায় আনতে বলেছে। তবে তা আগামী জুলাইয়ের মজলিশে শূরার বৈঠকে সংশোধন করা হবে। এছাড়া কমিশন 'ইসলামের সুবিচারপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও অমুসলিমদের দলের সদস্য করার বিষয়সহ বাকি যে কয়েকটি ধারার ব্যাপারে জানতে চেয়েছে তার লিখিত ব্যাখ্যা জমা দেওয়া হয়েছে। তবে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী এ সব পরির্বতনের প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। "বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রে কমিউনিজম প্রতিষ্ঠার কথা লেখা রয়েছে। কিন্তু সে বিষয়টি তো সংবিধানে নেই। একটি পার্টি এ রকম লিখতে পারে। এব্যাপারে কমিশন আপত্তি করেনি। কিন্তু ইসলামের সুবিচারপূর্ণ সমাজ ব্যাবস্থা প্রতিষ্ঠা ব্যাপারে কমিশনের আপত্তিকে আমরা যুক্তি সংগত মনে করি না," বলেন মুজাহিদ। প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, জামায়াত ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের কথা বলে। সংবিধান অনুযায়ী কোনো দলের গঠনতন্ত্রে ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, লিঙ্গের বৈষম্য থাকতে পারবে না। জামায়াতের গঠনতন্ত্রের সঙ্গে বিষয়টি সংঘর্ষিক হওয়ায় ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তিনি বলেন, জামায়াত তাদের গঠনতন্ত্রের ১১ নম্বর ধারায় অমুসলিমদের দলের সদস্য করার কথা এই প্রথম বলেছে। সিইসি বলেন, "জামায়াতকে ছয়টি বিষয়ে সংশোধনের জন্য চিঠি দেওয়া হয়েছিল। তারা দুটি বিষয় সংশোধনে মত দিয়েছে। আরো চারটি বিষয়ে লিখিত বক্তব্য দিয়েছে। "তা আমারা পরীক্ষা করে দেখবো। এরপর যদি আবার সমস্যা দেখি তবে সংশোধনের জন্য আবারো জামায়াতকে চিঠি দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএসবি/২৩২১ ঘ.