খুলনা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে খুলনার একটি আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাভোগ করতে হবে।
মামলায় আরো ২৯ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একজনকে খালাস দেওয়া হয়।
সোমবার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. সেকেন্দার আলী এই রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- কাশেম মল্লিক, মির্জা বিশ্বাস, মোশাররফ বিশ্বাস ও শাহাবুদ্দিন বিশ্বাস।
আসামি ফরিদ বিশ্বাস ও শুকুর শেখকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস সশ্রম কারাদণ্ড; মাহাতাব বিশ্বাস, গাউস শেখ ও আবু বিশ্বাসকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আরো ২৪ আসামির প্রত্যেককে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইনছান গাজী নামে এক আসামিকে খালাস দেওয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ১৬ নভেম্বর ভোরে তেরখাদা উপজেলার ফিলফানগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে শাহজাহান মোল্লাসহ তিনজন গুরুতর আহত হন। চিকিৎসাধীন শাহজাহান ১৯ নভেম্বর মারা যান।
এ ঘটনায় শাহজাহানের বাবা হেমায়েত মোল্লা বাদী হয়ে ৩৪ জনকে আসামি করে তেরখাদা থানায় হত্যা মামলা করেন। তেরখাদা থানার উপ-পরিদর্শক মাসুদুজ্জামান ২০০৫ সালের ৩ মার্চ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
মামলায় ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৯ ঘ.
bdnews24